সেই এনামুলকে পুরস্কৃত করলো বাংলাদেশ রেলওয়ে

69

রাজশাহী প্রতিনিধি : কলার মোচা লাঠিতে বেঁধে দুর্ঘটনার খবর থেকে ট্রেনকে রক্ষা করা এনামুলকে সম্মানিত করেছেন বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে মন্ত্রণালয়ের নির্দেশে ও ব্যবস্থাপনায় রেলওয়ে পশ্চিমাঞ্চল সম্মাননা প্রদানের আয়োজন করেন।

Advertisement

জানা যায়, ২৩ মার্চ সোমবার ভোরে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বেরিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন তিনি। এমন সময় চোখে পড়ে লাইনের প্রায় এক ফুট অংশ ভাঙা। সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্টেশনে খবর পৌঁছানোর জন্য আশপাশের লোকদের ফোনকল করতে বলেন। আর নিজে খুঁজতে থাকেন লাল রঙের কাপড় বা কিছু। কোনো কিছু না পেয়ে তাৎক্ষণিক বুদ্ধিতে কলাগাছ থেকে মোচা ছিঁড়ে নেন। সেটির পাপড়ি লাঠির আগায় বেঁধে দাঁড়িয়ে থাকেন। কিছুক্ষণ পরই আসা ট্রেনটি সংকেত পেয়ে দাঁড়িয়ে পড়ে। আর বেঁচে যায় কয়েক শ প্রাণ!

সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়াতে সহায়তা করা স্থানীয় শ্রমিক মোঃ এনামুল হক (৬৫)-কে পুরস্কৃত করেছে বাংলাদেশ রেলওয়ে।

এনামুল হকের এই সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে দেওয়া সম্মাননা পত্র, সম্মাননা ক্র্যাস্ট এবং নগদ অর্থ এনামুলের হাতে তুলে দেন রেলওয়ে পশ্চিমাঞ্চল মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) আহমেদ হোসেন মাসুমসহ পশ্চিমাঞ্চলের রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, একজন সাধারণ মানুষের সচেতনতা ও উপস্থিত বুদ্ধি অনেক সময় বড় দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এনামুল হকের এই উদ্যোগ তার উজ্জ্বল উদাহরণ।

Advertisement