বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

44

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে ২৬ মার্চ বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান দিবসের কর্মসূচি শুরু হয়। এর পর ডিসি পার্কের দক্ষিণ পার্শ্বে অবস্থিত কাট্টলীস্থ অস্থায়ী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Advertisement

শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ মনিরুজামান, সিএমপি কমিশনার হাসিব আজিজ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনসহ সরকারের বিভিন্ন দপ্তর/সংস্থার কর্মকর্তাবৃন্দ। পরে সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে/ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এদিকে বিজয় দিবস উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল ৮টায় নগরীর জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড পরিদর্শন, বেলুন-পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ও কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ মনিরুজ্জামান, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ ওয়াহিদুল হক চৌধুরী ও জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সার্কিট হাউজ প্রাঙ্গনে জেলা ও মহানগরের প্রায় ৫’শ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুল দিয়ে বরণ, টুপি ও উত্তরীয় পরিধান, নগদ অর্থ ও গিফট বক্স দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃনাজিমুল হক, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ ফয়সাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত।

এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।

Advertisement