নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী রেলওয়ে স্টেশন সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
শ্রদ্ধা নিবেদন ও বীর শহীদদের স্মরণঃ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী ফরিদ আহমেদ’র নেতৃত্বে বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রমিক-কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম, প্রধান পরিবহন কর্মকর্তা আহসান উল্লাহ ভূঁইয়া, প্রধান বানিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস, প্রধান যন্ত্র প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম সহ সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং জাতীয়তাবাদী রেল শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি মো রফিকুল ইসলাম।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির আত্মত্যাগ, বীরত্ব ও গৌরবের অনন্য স্মারক। স্বাধীনতার এই চেতনাকে সমুন্নত রেখে যাত্রীদের সেবা প্রদান এবং রেলের আধুনিকায়নে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দিনটি উপলক্ষে পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্টেশনে মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।
শেষে স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে আরও আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারীরা।

















