চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এর সঙ্গে আজ সোমবার (৩০ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১১টায় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিভিল প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
এসময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে সুন্দর, সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সিভিল প্রশাসনের সহযোগিতার প্রয়োজন রয়েছে। উপাচার্য বলেন, বিগত সময়ে চবি শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বিশ্ববিদ্যালয়ের আশপাশের বসবাসকারী এবং শিক্ষার্থীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ সংকট কাটিয়ে উঠতে হবে। এক্ষেত্রে আপনাদের পরামর্শ ও সহযোগিতা দরকার। এছাড়া এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। উপাচার্য বলেন, ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপদ পরিবেশ গড়ে তুলতে চাই, যাতে সবাই নির্বিঘ্নে চলাফেরা করতে পারে।
উপাচার্য বলেন বলেন, শাটল ট্রেন আমাদের বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। আগেও যথেষ্ট সহযোগিতা করেছেন, সামনের দিনগুলোতে সহযোগিতা অব্যহত রাখবেন বলে প্রত্যাশা করেন মাননীয় উপাচার্য। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, আমাদের ডাকে সাড়া দিয়ে সব সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা ও হাটহাজারী প্রশাসন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এজন্য উনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সামনের দিনগুলোতেও সহযোগিতা অব্যহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপ-উপাচার্যদ্বয়।
চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দীর সঞ্চালনায় মতবিনিময় সভায় সিএমপি উত্তর ডিসি আমিরুল ইসলাম, চট্টগ্রাম পিবিআইয়ের পুলিশ সুপার এস.এম রহিম ইসলাম, সিএমপি ট্রাফিক উত্তর বিভাগের এসি মো. কবির উদ্দিন সরকার, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু জাফর মো. ওমর ফারুক, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, র্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচ উদ্দীন পিপিএম, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক আতাউল হক, হাটহাজারী উপজেলা প্রশাসনের প্রতিনিধি, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ, গোয়েন্দা সংস্থা ডিএসবি, এনএসআই ও
ডিজিএফআই এর প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত সকলে নবনিযুক্ত উপাচার্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া চবির সার্বিক বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

















