চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জীবক চাকমার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। রবিবার (১২ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জীবক চাকমা।
উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোক বার্তায় এ শিক্ষার্থীর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। এ শিক্ষার্থীর মৃত্যুশোক যাতে শোকাহত পরিবার-পরিজন ধৈর্য সহকারে কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য তাঁরা মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেছেন।
চবি শিক্ষার্থী জীবক চাকমার মৃত্যুতে শোক জানিয়েছে চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জীবক চাকমা আজ সকালে পরলোকগমন করেছেন। তাঁর অকাল প্রয়াণে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, আজ সকালে জীবক চাকমা হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে চবি মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তরুণ এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। এক শোকবার্তায় চাকসু প্রতিনিধিরা মহান সৃষ্টিকর্তার নিকট তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের সদস্যদের এই কঠিন শোক সইবার ধৈর্য্য দান করার প্রার্থনা জানান।
জীবক চাকমার অকাল বিদায় তাঁর সহপাঠী ও শিক্ষকদের মাঝে গভীর বেদনার সৃষ্টি করেছে।

















