চবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: পড়ার টেবিলে ঢলে পড়লেন জীবক চাকমা

20

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জীবক চাকমা (২০) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

Advertisement

আজ রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল আবদুল্লাহ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জীবক চাকমা রাঙামাটির নানিয়ারচর উপজেলার রামহরি পাড়ার রোবিলেন্দু চাকমার ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ সকালে নিজের পড়ার টেবিলে বসে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়েন জীবক। তাৎক্ষণিকভাবে তাকে চবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব জানান, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে জীবককে মেডিকেল সেন্টারে আনা হয়েছিল। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না এবং তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট রোগ নির্ণয় করা সম্ভব হয়নি। প্রাথমিক চিকিৎসা হিসেবে অক্সিজেন দিয়ে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়েছিল।

মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে নৃবিজ্ঞান বিভাগসহ পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার সহপাঠীরা এই অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

Advertisement