দেশজুড়ে বৃষ্টি অব্যাহত, কোথাও ভারী বর্ষণের আশঙ্কা

20

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ দমকা হাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কিছু এলাকায় মাঝারি থেকে ভারী, এমনকি অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

Advertisement

সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, প্রথম দিনেই দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় দিন (১ মে) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তৃতীয় ও চতুর্থ দিনেও (২ ও ৩ মে) বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

পঞ্চম দিন (৪ মে) বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে, তবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এই সময়জুড়ে দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পূর্বাভাসের শেষ দিকে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, বাতাস দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে মাঝে মাঝে দমকা হাওয়ায় রূপ নিতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে কোথাও কোথাও উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হয়েছে।

Advertisement