নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদরঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, গোপন ছবি-ভিডিও ধারণ এবং মানসিক নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফের নেতৃত্বে পরিচালিত অভিযানে তৌসিফ আহমেদ (২২) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ধারায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে ২০২৪ সালের এপ্রিল মাসে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে পরিচয় হয় অভিযুক্ত তৌসিফ আহমেদের। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত একাধিকবার তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একইসঙ্গে তার অজান্তে বা সম্মতি ছাড়াই ব্যক্তিগত ও আপত্তিকর ছবি এবং ভিডিও ধারণ করেন।
ভুক্তভোগীর দাবি, গত ১০ জুন সর্বশেষ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার বাসায় শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। পরে অভিযুক্ত বিভিন্ন সময় মোবাইল ফোনে যোগাযোগ করে ধারণকৃত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মানসিক চাপ সৃষ্টি করেন।
পরিবার ও স্বজনদের সঙ্গে আলোচনা শেষে ভুক্তভোগী সদরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
সদরঘাট থানা পুলিশ জানায়, তথ্য-উপাত্ত যাচাই শেষে অভিযানে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

















