গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং পরদিন শপথ গ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে সোমবার (২৪ আগস্ট) চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, আগামী ৩১ আগস্ট সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া কর্মসূচিতে অংশ নেবেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরা।
এছাড়া ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় পুরাতন রেলস্টেশন থেকে র্যালি অনুষ্ঠিত হয়ে জেলা প্রশাসকের চত্বর এসে শেষ হবে। একই দিনে দলীয় কার্যালয় নসিমন ভবনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ স্মারক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় জাতীয়তাবাদী দর্শনের ভিত্তিতে বিএনপি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে দলটি জনগণের প্রত্যক্ষ সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে এবং দেশের উন্নয়ন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে। বর্তমানে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার যে প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে, বিএনপি সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার রাজনৈতিক লক্ষ্য সামনে রেখে দল এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা নয়, বরং শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার জন্য তিনি আহ্বান জানান।
সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, ৪৮ বছরের পথচলায় বিএনপি নানা প্রতিকূলতা, রাজনৈতিক সংকট ও ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের আস্থার একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শ, দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতার রাজনীতিকে ধারণ করেই বিএনপির পথচলা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরীতে ব্যাপক জনসম্পৃক্ততা তৈরি করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে। দুস্থদের মাঝে খাদ্য বিতরণসহ জনকল্যাণমূলক কর্মসূচিগুলো বিএনপির মানুষের প্রতি দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ।
নাজিমুর রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বিভিন্ন ষড়যন্ত্র ও বাধা থাকলেও জনগণের ঐক্য এবং বিএনপির নেতাকর্মীদের দৃঢ় মনোবল কোনো অপশক্তিকে সফল হতে দেবে না। বিএনপি সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না; জনগণের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের পথেই দল এগিয়ে যাবে। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি সফল করতে মহানগর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সময়মতো উপস্থিত থেকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ খান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, এম এ হান্নান, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আবুল হাশেম, মুজিবুল হক, মোহাম্মদ মহসিন, খোরশেদ আলম, কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দিন, আনোয়ার হোসেন লিপু, মোশারফ হোসেন ডিপটি, গাজী আইয়ুব, জাফর আহমেদ, মাহাবুব রানা, এম এ সবুর, আবু মুসা ও মোহাম্মদ ইউসুফ।

















