দিল্লির বিক্ষোভে যোগ দেওয়ার আগেই ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ

24

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচিতে যোগ দেওয়ার প্রস্তুতির মধ্যেই গুরুগ্রাম থেকে তাঁকে আটক করার খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

Advertisement

ভারতের রাজধানী দিল্লিতে প্রস্তাবিত বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগে গুরুগ্রাম থেকে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ। পুলিশের নির্দেশনা মানতে অস্বীকৃতি জানানোর পর তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে আয়োজিত ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচিতে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ধ্রুব রাঠি। বিক্ষোভটির আয়োজক ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির ডাক দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভের আগে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার আবাসিক এলাকায় ধ্রুব রাঠির বাসভবনে যায় পুলিশ। তাঁকে দিল্লিতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে গুরুগ্রাম পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন।

এর আগে দিল্লিতে বিক্ষোভ ঘিরে নেওয়া নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছিলেন ধ্রুব রাঠি। মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং ট্রেন চলাচলে বিধিনিষেধ আরোপের সমালোচনা করে তিনি পরিস্থিতিকে প্রায় ‘লকডাউন’-এর সঙ্গে তুলনা করেন।

নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরোধিতা এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

তবে ধ্রুব রাঠিকে আটকের বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Advertisement