দোহাজারী রেল স্টেশনে আন্তঃনগর ট্রেনের বিরতির দাবি স্থানীয়দের

1

এম হেলাল উদ্দিন নিরব: চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ দোহাজারী রেল স্টেশনে ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ)-এর জোরালো দাবি জানিয়েছেন দক্ষিণ চট্টগ্রামের সর্বস্তরের মানুষ।

Advertisement

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে অবস্থিত এ স্টেশনটি ভৌগোলিক ও যোগাযোগের দিক থেকে অত্যন্ত কৌশলগত স্থানে অবস্থিত। মহাসড়কের এত কাছে দক্ষিণ চট্টগ্রামের আর কোনো রেল স্টেশন না থাকায় আঞ্চলিক যাতায়াতের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠেছে দোহাজারী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দোহাজারী একটি উদীয়মান ও আধুনিক শহর। চন্দনাইশ, পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়াসহ পার্শ্ববর্তী পার্বত্য জেলা বান্দরবানের বাসিন্দারা খুব সহজেই সড়কপথে স্বল্প সময়ে দোহাজারীতে আসা-যাওয়া করতে পারেন।

দোহাজারীকে ঘিরে সরকারের প্রশাসনিক পরিকল্পনাও বর্তমানে প্রক্রিয়াধীন—যার মধ্যে দোহাজারী-সাঙ্গু থানা/উপজেলা এবং দোহাজারী রেলওয়ে থানা গঠন অন্যতম। এছাড়া, মহাসড়ক সংলগ্ন পরিবেশ ও নান্দনিকতার কারণে প্রতিদিন পরিবার-পরিজন নিয়ে শত শত দর্শনার্থী এই স্টেশনে আসেন।

দক্ষিণ চট্টগ্রামবাসীর মতে, দোহাজারী স্টেশনে ঢাকা-কক্সবাজারগামী আন্তঃনগর ট্রেনগুলোর বিরতি দেওয়া হলে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে।

এতে চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, পটিয়া ও বান্দরবানের লাখ লাখ মানুষ অনায়াসে ঢাকা ও পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াত করার সুযোগ পাবেন। সড়কপথে সরাসরি দোহাজারী এসে ট্রেন ধরা যাত্রী সাধারণের জন্য যেমন অত্যন্ত সহজ ও সময় সাশ্রয়ী হবে, তেমনি রেলওয়ের রাজস্ব বৃদ্ধি পাবে বলেও মনে করছেন তারা।

যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও লাখ লাখ যাত্রীর দুর্ভোগ লাঘবে দোহাজারী রেল স্টেশনে দ্রুত আন্তঃনগর ট্রেনের স্টপেজ মঞ্জুর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রী সাধারণ।

Advertisement