বিয়েতে অপরিচিতদের আমন্ত্রণ, হাজির কয়েক হাজার মানুষ

21

নিজের বিয়েতে আত্মীয়স্বজন ও পরিচিত অতিথির সংখ্যা কম হবে—এমন ধারণা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত মানুষদের আমন্ত্রণ জানিয়েছিলেন চীনের এক তরুণ। কিন্তু তাঁর সেই আমন্ত্রণ যে এত বড় আয়োজনের জন্ম দেবে, তা হয়তো কল্পনাও করেননি তিনি।

Advertisement

চীনের ইউনান প্রদেশের ২৪ বছর বয়সী তরুণ শু ছেংহং (Xu Chenghong) গত ৩১ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিকা লুও ছুইকে বিয়ে করেন। বিয়েতে অতিথি কম আসার আশঙ্কায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ডুইনে (Douyin) একটি ভিডিও প্রকাশ করে অপরিচিত মানুষদের অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানান।

প্রথমে তাঁর ধারণা ছিল, হয়তো ১০ থেকে ২০ জন অপরিচিত মানুষ বিয়েতে আসবেন। কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়ার পর চীনের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার মানুষ তাঁর বিয়েতে উপস্থিত হন।

অতিথির সংখ্যা বেড়ে যাওয়ায় ছোট পরিসরের আয়োজন পরিবর্তন করে বড় একটি সাংস্কৃতিক চত্বরে অনুষ্ঠানের ব্যবস্থা করতে হয়। অতিথিদের জন্য রান্না, খাবার পরিবেশন ও অন্যান্য ব্যবস্থাপনায় স্থানীয় মানুষও সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

প্রতিবেদন অনুযায়ী, আয়োজনের জন্য প্রায় ৫০টি রান্নার স্টেশন তৈরি করা হয়েছিল। অতিথিদের কেউ খাবার, কেউ গৃহস্থালির সামগ্রী, আবার কেউ শ্রম দিয়ে বিয়ের আয়োজনকে সফল করতে সহযোগিতা করেন।

শৈশবে বাবা-মাকে হারিয়ে দাদি ও বড় ভাইয়ের সঙ্গে বেড়ে ওঠা শু ছেংহংয়ের জীবনে এই বিয়ে হয়ে ওঠে এক ব্যতিক্রমী আনন্দের উপলক্ষ।

অপরিচিত মানুষের ভালোবাসা, সহযোগিতা ও উপস্থিতিতে তাঁর বিয়ে পরিণত হয় এক বিশাল মিলনমেলায়।

Advertisement