চাকরিপ্রার্থীদের দক্ষতা, মানসিকতা ও নিয়োগদাতাদের প্রত্যাশার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাকের ক্যারিয়ার হাব এর উদ্যোগে চট্টগ্রামের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে “এম্পলয়ারস মিট আপ ২০২৬’।
শনিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে রয়্যাল সিমেন্ট, আরএসজিটি বাংলাদেশ, ইস্পাহানী গ্রুপ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, চিটাগং স্টক এক্সচেঞ্জ, পিএইচপি মোটরস, বাংলালিংক, ক্লিফটন গ্রুপ, কেএসআরএম, এ কে খান এন্ড কোম্পানি, সামিত এলিয়েন্স পোর্ট লিমিটেড, ইপসা, আইএসডিইসহ ২৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের এমপ্লয়মেন্ট ম্যানেজার মোহাম্মদ আলিউল আজিম বলেন ২০২৬–২০৩০ সালের মধ্যে ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে ব্র্যাক-এর লক্ষ্যের কথা তুলে ধরে দক্ষ মানবসম্পদ তৈরি এবং চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের গুরুত্ব তুলে ধরেন।
ক্যারিয়ার হাব-এর কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন চট্টগ্রাম সেন্টারের ম্যানেজার আফরোজা খানম জানান, চাকরিপ্রার্থীদের আরও কার্যকর সহায়তা দিতে ক্যারিয়ার হাব-এর কর্মীদের সাইকোসোস্যাল কাউন্সেলিং বিষয়ে সার্টিফিকেশন প্রদান করা হয়েছে। পাশাপাশি ক্যারিয়ার হাব ইউনিভার্সিটি মডেল এর আওতায় তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকে স্নাতক সম্পন্ন করা পর্যন্ত চারটি ধাপে ক্যারিয়ার প্রস্তুতির উদ্যোগের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে ক্যারিয়ার হাব এর দুই সফল অংশগ্রহণকারী ইমন বড়ুয়া ও জেমিমা ইসরাত রিজু তাঁদের অভিজ্ঞতাও শেয়ার করেন।
মুক্ত আলোচনায় নিয়োগদাতারা বর্তমান চাকরির বাজারে AI, তথ্য বিশ্লেষণ, প্রযুক্তিগত দক্ষতা, সময়ানুবর্তিতা, পেশাদার আচরণ ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দ্রুত চাকরি বা উপার্জনের পরিবর্তে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনা, বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং ধারাবাহিক পেশাগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। ক্যারিয়ার হাব-এর সঙ্গে যৌথভাবে ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রি ভিজিট, জব অ্যাটাচমেন্ট ও প্রশিক্ষণের সুযোগ তৈরিতেও আগ্রহ প্রকাশ করেন তাঁরা।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ক্যারিয়ার হাব এর এমপ্লয়মেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন অফিসার জিসান বড়ুয়া অংশগ্রহণকারী ২৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান মতামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এমপ্লয়ার্স মিট আপ এর মূল লক্ষ্য কেবল নিয়োগদাতাদের সঙ্গে পরিচিতি তৈরি নয়; বরং চাকরির বাজারের বাস্তব চাহিদা, নিয়োগদাতাদের প্রত্যাশা এবং চাকরিপ্রার্থীদের প্রস্তুতির মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করা। এ ধরনের সংলাপের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ক্যারিয়ার হাব এর দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতেও সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যারিয়ার হাব এর ক্যারিয়ার কাউন্সেলিং অফিসার মরিয়ম আক্তার আসমা। আলোচনার শেষ পর্যায়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে আসন্ন ক্যারিয়ার এক্সপো তে নিজ নিজ প্রতিষ্ঠানের চাকরির শূন্যপদ নিয়ে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।

















