মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে হাজী নুরুল আলম কোম্পানি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মঘাদিয়া এন.সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষার উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী নুরুল আলম কোম্পানি।
মঘাদিয়া ইউনিয়নের ১৪টি প্রাথমিক বিদ্যালয় ও ৪টি ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণির মোট ১৫০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেক পরীক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মহিউদ্দিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিন, ইসলামি ব্যাংকের সিনিয়র অফিসার ওমর ফারুক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. জয়নাল আবেদিন, ফাউন্ডেশনের পরিচালক মোজাম্মেল উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মনিরুল হাসান মুকুল, মঘাদিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি নাসির উদ্দিন, আবুতোরাব বাজার উন্নয়ন পরিচালনা কমিটির সদস্য সচিব ইমাম হোসেন ও রাকিবুল হাসান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. জয়নাল আবেদিন বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হওয়ার পাশাপাশি পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে। শুধু মেধা যাচাই নয়, নতুন প্রজন্মকে শিক্ষার প্রতি উৎসাহিত করাও এ ধরনের উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, হাজী নুরুল আলম কোম্পানি ফাউন্ডেশনের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এলাকার শিক্ষার মানোন্নয়ন ও আগামী প্রজন্মের মেধা বিকাশে এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।
















