নিজস্ব প্রতিবেদক: একসময় সকাল কিংবা বিকালের সোনাঝরা রোদে শিশুদের পবিত্র কোরআনের ছন্দে মুখরিত হয়ে উঠত চারপাশ। ঘুম থেকে উঠেই পিঠে কোরআন বুকে নিয়ে মক্তবে ছুটে যাওয়ার দৃশ্য ছিল বাংলার চিরচেনা সংস্কৃতি। মসজিদের পাশে অবস্থিত ফোরকানিয়া মাদ্রাসা থেকে ভেসে আসত ‘আলিফ-বা-তা’ কিংবা কোরআনের সুরিল আওয়াজ। তবে আধুনিকতার ছোঁয়া, কর্মব্যস্ততা এবং নানা সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে দিন দিন হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্যবাহী মক্তবের পাঠদান।
সংশ্লিষ্টদের মতে, মক্তবভিত্তিক প্রাথমিক ইসলামি শিক্ষা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা মৌলিক আরবি শিক্ষা ও ধর্মীয় জ্ঞান থেকে দূরে সরে যাচ্ছে। এর বিরূপ প্রভাব পড়ছে ভবিষ্যৎ প্রজন্মের ওপর। বর্তমান সময়ের অনেক শিক্ষার্থীই বড় হয়ে দৈনন্দিন নামাজে প্রয়োজনীয় ছোট-খাটো সুরাও শুদ্ধভাবে পড়তে পারছে না, যা আগামী দিনের মুসলিম সমাজের জন্য বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।
গ্রামের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় প্রতিটি পাড়া মহল্লায় অন্তত একটি করে ফোরকানিয়া মাদ্রাসা থাকত। যেখানে গ্রামের প্রবীণ আলেম,হাফেজ সাহেবরা কোমলমতি শিশুদের অক্ষর জ্ঞান ও কোরআন তেলাওয়াত শেখাতেন। কিন্তু বর্তমান সময়ে ইংরেজি মাধ্যমের আধিক্য, প্রাইভেট কোচিংয়ের চাপ এবং মক্তবের প্রতি অবহেলার কারণে সেই সোনালী ঐতিহ্য আজ বিলুপ্তির পথে।
এ বিষয়ে এক সচেতন নাগরিক উদ্বেগ প্রকাশ করে বলেন, মক্তবের পাঠদান বন্ধ হওয়ায় আমাদের কোমলমতি শিশুরা প্রাথমিক আরবি শিক্ষা থেকে সম্পূর্ণ বঞ্চিত হচ্ছে। প্রাতিষ্ঠানিক স্কুল-কলেজের শিক্ষার পাশাপাশি শৈশবে মক্তব থেকে কোরআন ও দ্বীনি শিক্ষা অর্জন করা অতীব জরুরি ছিল। যদি এখনই এই ধারা ফিরিয়ে আনা না যায়, তবে আগামী প্রজন্ম ধর্মের মূল ভিত্তি থেকেই দূরে সরে যাবে।
বিশেষজ্ঞদের দাবি, প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি শৈশবেই শিশুদের মাঝে নৈতিকতা, মূল্যবোধ এবং কুরআন শিক্ষার আলো ছড়াতে আগের মতো আবার মক্তব বা ফোরকানিয়া মাদ্রাসার কার্যক্রম জোরালো করা প্রয়োজন। অন্যথায়, ধর্মীয় অজ্ঞতা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি বড় সংকটের মুখে ঠেলে দেবে।

















