আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের লিগ পর্বের শেষ ম্যাচে রেকর্ড ৩৯২ রান সংগ্রহ করে জয় পেয়ে সর্বশেষ দল হিসেবে কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে মরহুর ইছহাক কাদের চৌধুরী একাদশ।
মঙ্গলবার দুপুরে শহীদ শাহজাহান মাঠে দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত টুর্নামেন্টে দিনের একমাত্র খেলায় মরহুর ইছহাক কাদের চৌধুরী একাদশ ২৭৪ বিশাল ব্যবধানে এমএস ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।
আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে ২য় পর্ব কোয়াটার ফাইনাল।
ম্যাচের শুরুতে এম এস ক্রিকেট একাডেমি টসে জিতে মরহুর ইছহাক কাদের চৌধুরী একাদশকে ব্যাট করার আমন্ত্রণ জানালে তারা চার চক্কার তান্ডবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে টুর্নামেন্টের সব্বোর্চ দলীয় ৩৯২ রান সংগ্রহ করে। দলের পক্ষে আবদুল্লাহ জিসান সর্বোচ্চ ৫৪ বলে ১৫৭ রান, সাজিবুল আলম ১২ বলে ৪৯, শাওন তাওসিফ ১৭ বলে ৪৬ রান করেন।
বল হাতে এমএস ক্রিকেট একাডেমির নারায়ণ নাথ ২৫ রানে ২ উইকেট লাভ করে।
বিপক্ষ দলের বিশাল রানের পাহাড়কে সামনে রেখে ব্যাট করতে নেমে ৫.২ ওভারে ১৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় এমএস ক্রিকেট একাডেমি।
পরবর্তীতে তারা ২০ ওভারে ৮ উইকেটে ১১৮ রানে গুটিয়ে গেলে ২৭২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় মরহুর ইছহাক কাদের চৌধুরী একাদশ। এই জয়ে কোয়াটার ফাইনাল নিশ্চিত করে তারা। বিজিত দলের পক্ষে নারায়ণ নাথ সর্বোচ্চ ২৮ রান করেন।
বল হাতে মরহুর ইছহাক কাদের চৌধুরী একাদশের মনিরুল হক ২৭ রানে ৩, সাদমান ও সাজ্জাদ ২টি করে উইকেট লাভ করেন।
ম্যাচ চলাকালীন সময়ে মাঠে উপস্থিত থেকে বেশ কিছু সময় খেলা দেখেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ মরহুর ইছহাক কাদের চৌধুরী একাদশের আবদুল্লাহ সিজানের হাতে পুরস্কার তুলে দেন দেশ রক্ষা তারেক মঞ্চের প্রতিষ্ঠাতা, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী যুব দলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী। এই সময় রাজনৈতিক নেতৃবৃন্দসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার থেকে কোয়াটার ফাইনালঃ
আগামীকাল বুধবার টুর্নামেন্টের কোন খেলা নেই। ১৯ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের কোয়াটার ফাইনাল ম্যাচ। ১৯ ও ২০ নভেম্বর সকাল ৯.০০ টায় ও দুপুর ১.০০ টায় প্রতিদিন ২টি করে ৪ টি কোয়াটার ফাইনাল, ২২ ও ২৩ নভেম্বর দুপুর ১.০০টায় প্রতিদিন ১টি করে সেমিফাইনাল ও ২৮ নভেম্বর দুপুর ১২ টায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সবশেষে থাকবে অ্যাশেজ (ASHES) এর পরিবেশনায় আকর্ষনীয় কনসার্ট।
















