দক্ষিণ আফ্রিকান স্পিড স্টার ডেল স্টেইন ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) সব ধরনের ক্রিকেটকেই বিদায় বললেন স্টেইন।
২০০৪ সালে দক্ষিণ জার্সি গায়ে চাপিয়েছিলেন স্টেইন। তারপর থেকে ছিলেন দলের নিয়মিত মুখ। দক্ষিণ আফ্রিকার অসংখ্য ম্যাচে জয়ের নায়ক এই পেসার। ২০১৯ সাল পর্যন্ত নিয়মিত খেলেছেন জাতীয় দলে।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন তিনি, ২০০৪ সালের ১৭ ডিসেম্বর। পরের বছরই অভিষেক হয় ওয়ানডে ক্রিকেটে। ২০১৯ সাল পর্যন্ত নিয়মিত টেস্ট ও ওয়ানডে দলে খেলেছেন স্টেইন। ২০২০ সালে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলে ৩৮ বছর বয়সী এই ডানহাতি ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৯৩টি টেস্ট, ১২৫টি ওয়ানডে ও ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। উইকেট শিকার করেছেন যথাক্রমে ৪৩৯, ১৯৬ ও ৬৪টি।
বিদায় বেলায় স্টেইন ব্যক্ত করেছেন তার মনের কথা। সামাজিক যোগাযোগমাধ্যমে স্টেইন বলেন,
“অনুশীলন, ম্যাচ, সফর, হার, জিত, স্ট্রাইপড ফিট, জেট ল্যাগ, আনন্দ ও ভ্রাতৃত্বের ২০ বছর কেটে গেল। বলার মতো অনেক স্মৃতি আছে। ধন্যবাদ দেওয়ার মতো অনেক মানুষ আছে। এই হিসাবের দায় আমি বিশেষজ্ঞদের হাতেই ছেড়ে দিলাম।”
“আমার সবচেয়ে প্রিয় খেলাকে আজ আমি আনুষ্ঠানিকভাবে বিদায় জানাচ্ছি। তিক্ত মিষ্টি তবে কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ, আমার পরিবার থেকে সতীর্থ, সাংবাদিক থেকে ভক্ত, সবাইকে। এটি দারুণ একটি সফর ছিল।”















