পুলিশের নতুন মুখপাত্র এআইজি কামরুজ্জামান

325

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র হলেন পুলিশ সদর দপ্তরের মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ কামরুজ্জামান। এর আগে এই পদে দায়িত্ব পালন করেছেন সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা।

Advertisement

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশ অনুযায়ী তাকে এ নতুন দায়িত্ব দেয়া হয়েছে। একই আদেশে সহকারী মহাপরিদর্শক সোহেল রানাকে ইন্সপেকশন-২ এ বদলি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

বাংলাদেশ পুলিশের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়ে মো. কামরুজ্জামান বলেন, আমার ওপরে থাকা দায়িত্বগুলো যথাযথভাবে পালনের পাশাপাশি পুলিশ ও সাংবাদিকদের যে মেলবন্ধন সেটি বজায় রাখবো। এছাড়া বাংলাদেশ পুলিশের ভালো কাজগুলো গণমাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো।

সম্প্রতি, উদ্বোধন হওয়া পুলিশের অধীনের নিউজ পোর্টাল পুলিশ নিউজের (Police news) সম্পাদকের দায়িত্বেও আছেন কামরুজ্জামান।

Advertisement