আখতারুজ্জামান চৌধুরী বাবু ছিলেন রাজনীতির প্রাণপুরুষঃ সুজন

379

আখতারুজ্জামান চৌধুরী বাবু রাজনীতির প্রাণপুরুষ ছিলেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

Advertisement

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে বর্ষীয়ান রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারার হাইলধরের গ্রামের বাড়িতে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন ও দোয়া মোনাজাতকালে উপরোক্ত মন্তব্য করেন সুজন।

এসময় তিনি বলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু ছিলেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি তৎকালীন সময়ে আমেরিকার একটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। সফলতার সাথে পড়ালেখা শেষ করে ব্যবসায় মনযোগ দেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করে ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদ সদস্য হন। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু। মুক্তিযুদ্ধের প্রাক্কালে তার বাসা থেকে বিভিন্ন আন্দোলন কর্মসূচী পরিচালিত হতো। স্বাধীনতা যুদ্ধের সময় ভারতে গিয়ে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেন। ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। তিনি নিজেও বিভিন্ন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্টের পর আখতারুজ্জামান চৌধুরী বাবু ছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয়দাতা। বিভিন্ন স্বৈরাচারী সরকারের হুমকি, ধামকি এবং মন্ত্রীত্বের প্রলোভন সত্বেও কখনো আওয়ামী লীগ ছেড়ে যাননি তিনি। বঙ্গবন্ধু হত্যা পরবর্তী কঠিন রাজনৈতিক সময়ে আওয়ামী লীগকে সংগঠিত করতে রাজপথে সোচ্চার ছিলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু। দলকে সংগঠিত করতে গিয়ে বার বার জেলও খেটেছেন তিনি। তার মতো আদর্শিক নেতা বতর্মান সময়ে খুব বেশি দরকার বলে মত প্রকাশ করেন সুজন।

তিনি মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে পুস্পস্তবক অর্পন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুল কবির, রেলওয়ে শ্রমিক লীগ নেতা রকিবুল আলম সাজ্জী, মো. বাবলু, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি মনিরুল হক মুন্না প্রমূখ।

Advertisement