পাহাড়তলীতে সাংবাদিককে হত্যার হুমকি,থানায় জিডি

774

নগরীর পাহাড়তলী রেলওয়ে সরঞ্জাম দপ্তরের সামনে জাহাঙ্গীর শুভ নামে এক সাংবাদিককে লাঞ্ছিত ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। অভিযুক্ত ঠিকাদারের নাম জিএস হেলাল।

Advertisement

সোমবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী জাহাঙ্গীর নগরের খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে ভুক্তভোগী সাংবাদিক উল্লেখ করেন, তিনি দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। গত সোমবার পাহাড়তলী রেলওয়ে সরঞ্জাম দপ্তরে তিনি পেশাগত তথ্য সংগ্রহে যান। এরপর ওই দপ্তর থেকে বের হওয়ার পথে তাকে ঠিকাদার হেলাল ও তার সহযোগীরা ঘিরে ধরেন এবং তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করতে হুমকি দেন। একপর্যায়ে ঠিকাদার জিএস হেলাল সাংবাদিক জাহাঙ্গীরকে হত্যার হুমকি দেন।

এ বিষয়ে খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলী বিন কাসেম বলেন, সাংবাদিক জাহাঙ্গীর শুভ থানায় জিডি করেছেন। এটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিষয়ে সাংবাদিক জাহাঙ্গীর শুভ বলেন, ‘রেলওয়ের এক ঠিকাদারের তথ্য জানতে পাহাড়তলী সরঞ্জাম নিয়ন্ত্রণ দপ্তরে যাই আমি। প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের সাথে সাক্ষাৎ শেষে বের হতেই জিএস হেলালসহ কিন্তু উচ্ছৃংখল যুবক আমাকে ঘিরে ধরে। তারা আমাকে তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করতে হুমকি দেয়। এদের কেউ কেউ আমাকে গালিগালাজও করে। আর জিএস হেলাল আমাকে হত্যার হুমকি দেয়।’

Advertisement