খুলনাকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত কুমিল্লার

623

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ২৭তম ম্যাচে খুলনা টাইগার্সকে ৬৫ রানে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই পরাজয়ে শেষ চারে কোয়ালিফাই করা নিয়ে সংশয়ে রইল মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা।

Advertisement

এই ম্যাচের ফলাফলে ফরচুন বরিশালের পর নিশ্চিত হল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোয়ালিফায়ার ম্যাচে অংশগ্রহণ, যে ম্যাচ পাবে সেমিফাইনালের মর্যাদা। আসরের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়ে কুমিল্লা ও বরিশালের মধ্যকার ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে উঠে যাবে। পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে।

শুক্রবার দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান জড়ো করে কুমিল্লা। একটি চার ও নয়টি ছক্কায় ৩৫ বলে ৭৫ রানের দানবীয় ইনিংস খেলেন মঈন আলী।

তার আগে ১৭ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে কুমিল্লাকে ভালো শুরু এনে দেন লিটন দাস। ফাফ ডু প্লেসি ৩৮ রান করেন ৩৬ বলের মোকাবেলায়।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারে খুলনা পায় ১৭ রান, আন্দ্রে ফ্লেচারের কল্যাণে। তবে দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে সাজঘরে ফেরেন দুই ওপেনার। এরপর সৌম্য সরকারের ২৫ বলে ২২, ইয়াসির আলীর ১৯ বলে ১৮ ও থিসারা পেরেরার ২৩ বলে ২৬ ছাড়া কেউই বলার মত রান করতে পারেননি। কুমিল্লার বোলাররা নিয়মিত বিরতিতে সাফল্য এনে দিতে থাকেন দলকে।

শেষপর্যন্ত ১৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১২৩ রান। কুমিল্লার পক্ষে আবু হায়দার রনি তিনটি এবং নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মঈন আলী দুটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর
টস : খুলনা টাইগার্স

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৮৮/৬ (২০ ওভার)
মঈন ৭৫, লিটন ৪১, ডু প্লেসি ৩৮
পেরেরা ২৮/২, নাবিল ২৪/১

খুলনা টাইগার্স : ১২৩/১০ (১৯.৩ ওভার)
সৌম্য ২২, ইয়াসির ১৮, ফ্লেচার ১৬
রনি ১৯/৩, মুস্তাফিজ ১৬/২, মঈন ২০/২, নাহিদুল ২৮/২

ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬৫ রানে জয়ী।

Advertisement