চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি’র নেতা-কর্মীরা এ সরকারের আমলে বেশি নির্যাতিত। এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বিরোধী দলের নেতাকর্মীরা নির্যাতিত ও নিষ্পেষিত হচ্ছে। নগর যুবদলের সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান সরকারের ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় জেলহাজতে ছিলেন। গতকাল জেলহাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যুবরণ করে। এটা অত্যন্ত বেদনাদায়ক। এই ফ্যাসিস্ট সরকার জুলুম নির্যাতন অত্যাচারে দেশের মানুষ আজ অতিষ্ঠ। কোন ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার যেমন টিকতে পারে নাই। এই সরকারও টিকতে পারবে না।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। প্রতিদিনই বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। ক্রমাগত এই দ্রব্যমূল্যের বৃদ্ধিতে এমনিতেই দিশেহারা মানুষ। রোজা আসার আগেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। রোজার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করুন।
তিনি আজ ৩০ মার্চ (বুধবার) দুপুরে কোর্ট হাজিরা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, আব্দুল মান্নান, সদস্য মনজুর আলম মঞ্জু, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, আইনজীবিদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, এডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, এইচ.এম রাশেদ খান,আলহাজ্ব জাকির হোসেন, বেলায়েত হোসেন বুলু, হাজী নবাব খান, এডভোকেট মোঃ আলাউদ্দিন, এডভোকেট নেজাম উদ্দিন,জমির উদ্দিন নাহিদ, জিয়াউর রহমান জিয়া , এডভোকেট মাহমুদুল আলম চৌধুরী মারুফ, এডভোকেট জায়েদ বিন রশিদ, আসাদুর রহমান টিপু প্রমুখ।















