সীতাকুণ্ড প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের আকিলপুর উপকূলীয় এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
একটি শিশুর শৈশব, নিরাপত্তা ও নিষ্পাপ জীবনের ওপর এমন বর্বরতার অভিযোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।
প্রশ্ন একটাই—শিশুরা কি নিজ বাড়ি ও নিজ এলাকায়ও নিরাপদ নয়? আর কত শিশুর কান্না শুনলে আমাদের বিবেক জাগ্রত হবে?
এলাকাবাসীর স্পষ্ট দাবি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। কোনো প্রভাব, ভয়ভীতি কিংবা আপসের কাছে যেন বিচারপ্রক্রিয়া থেমে না যায়। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শিশুর নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি তার মৌলিক অধিকার।
আজ নীরব থাকার সময় নয়। শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অপরাধীর পরিচয় নয়,অপরাধের বিচারই হোক মুখ্য।
আকিলপুরবাসীর বজ্রকণ্ঠে একটাই দাবি—
শিশুর নিরাপত্তা নিশ্চিত করো, অপরাধের বিচার করো।
কোনো আপস নয়, কোনো ছাড় নয়—আমরা ন্যায়বিচার চাই।
**শিশু নির্যাতনমুক্ত সীতাকুণ্ড চাই।**
















