চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ সোমবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে মিষ্টান্ন ও বেকারী পণ্য উৎপাদন এবং কর্মরত কর্মীদের স্বাস্থ্য সনদ না করায় আগ্রাবাদস্থ সিজল কারখানাকে ১ লক্ষ ৫০ হাজার টাকা, জিইসি মোড়স্থ জামান হোটেল এন্ড বিরানী হাউজকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও চৌমুহনী মোড়ে ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে কবির ক্রোকারিজ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিন অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এর নেতৃত্বে নগরীর সাগরিকা রোড ও বেপারী পাড়া রোডে ফুটপাত, নালা ও রাস্তা দখল করে পুরাতন লোহা, দোকানের মালামাল ও নির্মান সামগ্রী স্তুপ করে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১১ দোকানদার থেকে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আদালত কর্তৃক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এর দায়েরকৃত মোকদ্দমায় সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী ডিটি রোডের মেসার্স রিগ্যাল হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিককে ১২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।
















