ঈদে রাজনীতিবিদরা কে কোথায় থাকবেন

998

করোনা মহামারীর কারণে গত দুই বছর ঈদের সময় আনন্দ উৎসবে কিছুটা ভাটা ছিল। সরকারি বিধি-নিষেধ, আক্রান্ত হওয়ার ভয়সহ নানা কারণে ঈদের আনন্দ অতীতের তুলনায় অনেকটাই ম্লান ছিল। তবে গত দুই বছরের বেদনা এবারের ঈদে পুষিয়ে নিতে চান সবাই। তাতে সামিল হয়েছেন চট্টগ্রামের রাজনীতিবিদরা। তাঁরাও এবারের ঈদের নিজ বাড়িতে সাধারণ মানুষ, নেতাকর্মী এবং আত্মীয়স্বজনকে বেশি করে সময় দেয়ার পরিকল্পনা নিয়েছেন। ইতোমধ্যে ঢাকা থেকে চট্টগ্রামে চলে এসেছেন মন্ত্রী এমপি’রা। যারা চট্টগ্রামে থাকেন তারাও গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। নেতাকর্মীদের আপ্যায়নেও নিচ্ছেন বিশেষ পরিকল্পনা।

Advertisement

এছাড়া বসে নেই বিএনপির সিনিয়র নেতারাও। অন্যান্যবারের মতো তাদের বেশিভাগ ঈদ উদযাপন করবেন চট্টগ্রামে। বাসায় এবং কমিউনিটি সেন্টারে দলের নেতাকর্মীর সাথে করবেন ঈদের শুভেচ্ছা বিনিময়ও।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি
প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ

আজ (রবিবার) সকালে গ্রামের বাড়ি মিরসরাইয়ে চলে যাবেন। ঈদের দিন নিজ গ্রাম শান্তিরহাট ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। ঈদের দিন এবং পরদিন গ্রামের বাড়িতেই পাড়া-প্রতিবেশী এবং নেতাকর্মীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। এই দুই দিনে প্রায় ১০ হাজার মানুষের আপ্যায়ন হয়ে থাকে বলে তাঁর ব্যক্তিগত সহকারী নুর খান জানিয়েছেন। তিনি জানান, গত বছর করোনার কারণে ঈদের আনন্দ উৎসব কিছুটা ম্লান ছিল।

ড. হাছান মাহমুদ এমপি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিজের গ্রাম রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া সুখবিলাস জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। মুরুব্বিদের কবর জেয়ারত শেষে সারাদিন বাড়িতে থেকে এলাকাবাসী এবং নেতাকর্মীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী এমরুল করিম রাশেদ জানান, প্রতিবারের ন্যায় এবারো ঈদের মেহমানদের বিরিয়ানি, মিষ্টি এবং নানা পদের সেমাই দিয়ে আপ্যায়ন করা হবে।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল
এমপি, শিক্ষা উপমন্ত্রী

জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় শেষে চশমা হিলে তাঁর পিতা মরহুম জননেতা আলহাজ এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী এবং মুরুব্বিদের কবর জেয়ারত করবেন। এরপর সারাদিন চশমা হিলস্থ বাসভবনে সময় কাটাবেন। চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের জনগণ, দলীয় নেতাকর্মীর সাথে দিনব্যাপী ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এম রেজাউল করিম চৌধুরী
মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন

এবারের ঈদের জামাত পারিবারিক মসজিদ বহদ্দার শাহী জামে মসজিদে আদায় করবেন। নামাজের পর পিতা-মাতা এবং মুরুব্বিদের মাগফেরাত কামনা করে কবর জেয়ারত করবেন। এরপর বাসায় সারাদিন থাকবেন। মেহমানদের আপ্যায়নের বিষয়ে জানতে চাইলে সিটি মেয়র বলেন, ঈদের মেহমানদের আপ্যায়নে প্রতিবছর প্রায় একই রকম খাবারের আয়োজন করেন তিনি। বিভিন্ন আইটেমের সাথে থাকবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাংলা সেমাই, মুরগি পোলাও এবং মিষ্টি জর্দা। ঈদের পরদিনও তিনি সারাদিন বাসায় থেকে নেতাকর্মী, আত্মীয়স্বজনদের সাথে সময় কাটাবেন। তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

এম এ সালাম
প্রশাসক, চট্টগ্রাম জেলা পরিষদ

প্রতিবারের ন্যায় এবারো হাটহাজারীর নিজ গ্রামে পাড়া-প্রতিবেশীদের সাথে ঈদের নামাজ আদায় করবেন। পূর্ব শিকারপুর চান মসজিদ ঈদগাহ নামাজ শেষে সারাদিন বাড়িতে থেকে পরিবারের সদস্য, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন এবং নেতাকর্মীর সাথে ঈদের আনন্দ উপভোগ করবেন। আপ্যায়নের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাছ-মাংস দিয়ে ভাত খাওয়াবেন। এছাড়াও সেমাই, মিষ্টি ইত্যাদি দিয়ে মেহমানদের আপ্যায়ন করা হবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী যথারীতি ঈদ করবেন নগরীর উত্তর কাট্টলী নাজির বাড়িতে। তিনি বাড়ির মসজিদে ঈদের জামাত আদায় এবং আত্মীয় স্বজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরদিন তিনি নগরীর মেহেদীবাগস্থ বাসায় ফিরে আসবেন এবং দলের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। তাঁর একান্ত সচিব মোহাম্মদ সেলিম এ তথ্য জানিয়েছেন।

আবদুল্লাহ আল নোমান

সহধর্মিণী অধ্যাপিকা তাসমিন আরা নোমান এর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ঈদ উদযাপন করতে চট্টগ্রামে আসবেন। এর ব্যত্যয় ঘটলে তিনি এবার ঢাকায় ঈদ করবেন। তাঁর একান্ত সচিব নুরুল আজিম হিরু এ তথ্য জানিয়েছেন।

মীর মোহাম্মদ নাছির উদ্দিন

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন যথারীতি ঈদ উদযাপন করবেন চট্টগ্রামে। তিনি নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। এরপর গ্রামের বাড়ি হাটহাজারীর মীর বাড়িতে যাবেন। সেখানে মা-বাবা ও আত্মীয়স্বজনের কবর জেয়ারতশেষে আত্মীয়স্বজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বিকেলে তিনি নগরীর চট্টেশ্বরী রোডস্থ বাসায় ফিরে দলের নেতাকর্মীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

গোলাম আকবর খোন্দকার

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলের উত্তর জেলা আহবায়ক গোলাম আকবর খোন্দকার এবার ঢাকায় ঈদ উদযাপন করবেন। সেখানে ঈদের নামাজশেষে নেতাকর্মীর সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদের সপ্তাহখানেক পর তিনি চট্টগ্রাম আসবেন।

জাফরুল ইসলাম চৌধুরী

দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেকমন্ত্রী আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী ঈদের নামাজ আদায় করবেন নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদে। এরপর তিনি বাঁশখালী গুনাগরী গ্রামে গিয়ে মা-বাবার কবর জেয়ারতশেষে আত্মীয়স্বজন ও দলের নেতাকর্মীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। রাতে তিনি শহরের বাসায় ফিরবেন। পরদিন আবারও গ্রামে বাড়ি যাবেন।

ডা. শাহাদাত হোসেন
মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন ঈদ করবেন নগরীর পশ্চিম বাকলিয়া ডিসি রোডস্থ বাড়িতে। এর আগে তিনি নগরীর বাদশা মিয়া সড়কের আমিরবাগ আবাসিক জামে মসজিদে ঈদের জামাত আদায় করবেন। এরপর বাকলিয়ায় বাড়িতে গিয়ে সারাদিন থাকবেন। সেখানে নেতাকর্মীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরদিন তিনি নগরীর আসকারদিঘির পাড়স্থ রীমা কমিউনিটি সেন্টারে দলের নেতাকর্মীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

আবুল হাশেম বক্কর
মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। নগরীর বাটালী রোডের বাসভবনে সারাদিন অবস্থান করে আত্মীয়স্বজন ও দলের নেতাকর্মীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

Advertisement