কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। ১১ দিন কারাভোগের পর তিনি কারামুক্ত হলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। তার আগে গত ৭ মে একটি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মুহাম্মদ শাহেদ ছাড়াও কারামুক্ত হয়েছেন নগর যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম। সন্ধ্যায় কারামুক্ত হওয়ার খবর পেলে কারা ফটকে প্রচুর নেতাকর্মী জমায়েত হন। এ সময় কারাগারের ফটকে শাহেদকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন যুবদলের নেতাকর্মীরা। সেখান থেকে দলীয় কার্যালয় নাসিমন ভবনে যান তারা। পরে সেখান থেকে তিনি চান্দগাঁয়ের নিজের বাসায় ফিরেন।
দলীয় কার্যালয়ের উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে মুহাম্মদ শাহেদ বলেন, জালিম সরকারের বিরুদ্ধে এক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। তাদের বিদায় করা হবে।
নগর যুবদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদকে মুক্তি দেয়া হয়। উপস্থিত নেতাকর্মীরা ফুল দিয়ে প্রিয় নেতাকে বরণ করে নেন।
















