স্মার্ট নাগরিক ছাড়া স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব নয়: রাষ্ট্রদূত

208

সনজিত কুমার শীল, ইউএই প্রতিনিধি: ইউনাইটেড আবর-আমিরাতে (ইউএই) নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট নাগরিক তৈরি করতে হবে। কারণ স্মার্ট নাগরিক ছাড়া স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব নয়। এক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি দেশে-বিদেশে নাগরিকদের স্মার্ট করে তুলতে হবে।

Advertisement

গত ৬ অক্টোবর শুক্রবার রাত ৮টায় দেরা দুবাইস্থ রেডিসন ব্লু হোটেলে আরব-আমিরাতে বসবাসরত বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের আয়োজনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমিরাতে থাকা জনতা ব্যাংকের ৪টি শাখা থেকে যারা ঋণ খেলাপি হয়ে বিলাস জীবন যাপন করছেন তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। ১৯৮৫ সালে আরব আমিরাতে দক্ষ অদক্ষ শ্রমিকের যে রকম চাহিদা ছিল এখন আর সেইরকম চাহিদা নেই। দেশটি এখন অনেক উন্নত। তাদের এখন অদক্ষ শ্রমিকের প্রয়োজন নেই। তাই বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিকদেকে এই দেশটিতে আসার আহ্বান জানান।

আলহাজ্ব ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে ও মাহবুব হাসান হৃদয় ও তিশা সেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য রাখেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মোহাম্মদ আবদুস সালাম।

কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রবাসী গণমাধ্যম কর্মীদের গোলটেবিল বৈঠক সত্যিই প্রশংসার দাবি রাখে। গণমাধ্যম কর্মীদের এ রকম গোল টেবিল বৈঠকের আয়োজন আগে কখনো দেখিনি। এটি একটি ভালো উদ্যোগ। এভাবে যদি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও এই রকম উদ্যোগ গ্রহণ করে তাহলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অনেক সহায়ক হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মোহাম্মদ আবদুস সালাম বলেন, দেশে প্রবাসিদের জীবনমান উন্নয়নে ১৫০টির বেশি টেকনিক্যাল প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। প্রবাসীদের বীমার আওতায় এনেছে সরকার। ১০ লাখ টাকা বীমায় পাচ্ছেন প্রবাসীরা।

বৈঠকে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, কনস্যুলেটর প্রেস কাউন্সিলর মোহাম্মদ আরিফুর রহমান, সিআইপি আয়ুব আলী বাবুল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক নেতা সাইফুল ইসলাম তালুকদার। আলোচনায় অংশ নেন মোহাম্মদ রাজা মল্লিক, সিআইপি শেখ ফরিদ আহমেদ, ইসমাইল গণি চৌধুরী, সাইফুদ্দিন আহমদ, সেলিম উদ্দিন চৌধুরী, নাসির তালুকদার, শওকত আকবর, মোজাহের উল্লাহ মিয়া, সেলিম রেজা, নেসার রেজা খান,আবুল কাশেম, সিআইপি শিমুল মোস্তফা, মোহাম্মদ মনসুর সবুর, সাংবাদিক সিরাজুল হক, ফয়সাল সিদ্দিকী ববি, লুৎফুর রহমান, আবদুল মান্নান, সনজিত কুমার শীলসহ অন্যান্য গণমাধ্যম কর্মী ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।

বৈঠকে প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, সংযুক্ত আরব-আমিরাতে রাষ্ট্রায়াত্ত¡ ব্যাংক-জনতা ব্যাংকে রয়েছে ১০ থেকে ১২ ভাগ ঋণ খেলাপি। রাষ্ট্রের এ টাকা ঋণ নিয়ে অনেকের বিলাস বহুল জীবন যাপন করলেও তারা পরিশোধ করছেন না ঋণ। এসব ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানান তিনি।

কমিউনিটি নেতা ইফতেখার হোসেন বাবুল বলেন, এ ধরণের গোলটেবিল বারবার হলে দেশ এগিয়ে যাবে অদম্য গতিতে। সাধারণ প্রবাসিদের নানা সমস্যা লাঘব হবে এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের।

সিআইপি শেখ ফরিদ আহমেদ বলেন, রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে সরকার ২.৫ শতাংশ প্রণোদনা দেন। কিন্তু সরকার যদি ৪ শতাংশ দেন তাহলে প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে আরও বেশি উৎসাহিত হবেন।

অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব ইয়াকুব সৈনিক বলেন, মতপার্থক্য কখনো ভালো দিক না। তাই যে যেই সংগঠন করুক না কেন দেশের উন্নয়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত।

Advertisement