স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় তোপের মুখে নাছির

245

স্বতন্ত্র প্রার্থী ইস্যু নিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় হট্টগোল হয়েছে। তোপের মুখে পড়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। শনিবার অনুষ্ঠিত এক সভায় এ ঘটনা ঘটে।

Advertisement

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড কর্তৃক নৌকা প্রতীক পাওয়া দু’একজন প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীকে মদদদানের অভিযোগে মহানগর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলী ও সদস্যদের তোপের মুখে পড়েন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন।
সভায় মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য রোটারিয়ান ইলিয়াস যখন বলেন, মহানগরে আওয়ামী লীগের প্রার্থী দুজন। তখন অন্যান্য উপস্থিত নেতারা ক্ষোভে ফেটে পড়েন। তারা বলেন ব্যক্তি স্বার্থ ও ঈর্ষার বশবর্তী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ভুলভাবে নেতাকর্মীদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এতে নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছেন। শেখ হাসিনা বলেছেন, ‘আমি যাকে সবচেয়ে বেশি যোগ্য মনে করেছি, তার হাতে নৌকা তুলে দিয়েছি। আপনারা তার পক্ষে কাজ করবেন। কিন্তু কেউ যদি নিজেকে যোগ্য মনে করেন তাহলে তিনি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন।’ স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন আর স্বতন্ত্র প্রার্থী হবেন দুইটা ভিন্ন কথা। কেউ নিজের পায়ে কুড়াল মারতে পারবেন সেটা এক বিষয়। কিন্তু নিজের পায়ে কুড়াল মারবেন কিনা সেটা অন্য বিষয়।

আলোচনায় সম্প্রতি নগরের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম ১১ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের ভাইরাল হওয়া একটা ভিডিও বক্তব্যের বিষয়ে নেতারা আজম নাসিরের কাছে ব্যাখ্যা দাবি করেন। ভিডিওটিতে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনকে বলতে শোনা যায়, ‘আমি এবার নির্বাচন করব সেটা আমার কল্পনায়ও ছিল না। আমি প্রস্তুত ছিলাম না। কিন্তু সুজন ভাই, নাসির ভাই, আলতাফ হোসেন বাচ্চু ভাই আমাকে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করতে বলেছেন।’ তাকে আরও বলতে শোনা যায়, তিনি নাকি হাইকমান্ড থেকে সবুজ সংকেত পেয়েছেন। নেতৃবৃন্দ আজম নাসিরের কাছে জানতে চান, আপনি নিজে একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন আপনি নৌকার বিপক্ষে নির্বাচন করবেন না। সুজন ভাইও একই গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনিও নৌকার বিরুদ্ধে নির্বাচন করবেন না। আপনারা নিজেরা নৌকার বিরুদ্ধে নির্বাচন না করে একজন ওয়ার্ড সাধারণ সম্পাদককে নৌকার বিরুদ্ধে নির্বাচন করতে বলতে পারেন কিনা এবং আওয়ামী লীগে শেখ হাসিনার চেয়েও উপরে আর কোনো হাইকমান্ড আছে কিনা। এসব বিষয় নিয়ে ব্যাপক হট্টগোলের মুখে সভায় আজম নাসির উদ্দিনসহ স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়া নেতারা মাথা নিচু করে চুপচাপ বসে থাকেন।

সভায় উপস্থিত একটি সূত্র জানান, নৌকার প্রার্থীর পক্ষে সোচ্চার বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য জালাল উদ্দিন ইকবাল, ইফতেখার সাইমুল চৌধুরী, শফি আদনানসহ আরও অনেকে।

এ ব্যাপারে জানতে আ জ ম নাছির উদ্দিনের মোবাইল ফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

Advertisement