চাক্তাইয়ে ৯’শ কেজি ভেজাল মসলা জব্দ: ১ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

152

চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকার মিয়াখান নগর ব্রিজের পাশে একটি মসলা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও কোতোয়ালি থানা পুলিশ। এসময় কারাখানার মূল মালিক বাচ্চু মিয়া সহ চার শ্রমিককে হাতেনাতে আটক করা হয়। অভিযানে মানবদেহের জন্য ক্ষতিকর রঙ, কয়লা, কাঠের গুড়া এবং অত্যন্ত নিম্নমানের ভুষি মিশ্রিত ৯’শ কেজি মসলা জব্দ করা হয়।

Advertisement

আজ ১৮ জানুয়ারী বৃহস্পতিবার অভিযান পরিচালনা করা হয়। মূলত এগুলো ব্যবহার করে ঐ কারখানায় হলুদের গুড়া এবং মরিচ গুড়া তৈরি করা হচ্ছিল। পরে মূল অভিযুক্ত বাচ্চু মিয়াকে ১ লাখ টাকা জরিমানা এবং ১ বছর বিনাশ্রম কারাদন্ড দেয়া হয় এবং জব্দকৃত মালামাল জনসমক্ষে ধ্বংস করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ওবায়েদুল হক অভিযানে নেতৃত্ব দেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, প্রতি বছরই পবিত্র রমজান মাসে অধিক মুনাফা লাভের আশায় বেশ কিছু অসাধু ব্যবসায়ী চট্টগ্রামে এরূপ ভেজাল মসলা উৎপাদন ও বাজারজাত করেন। এ বছর রমজানে চট্টগ্রামে যেন ভেজাল খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত না হয় সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Advertisement