রিজওয়ানের ব্যাটে জিম্বাবুয়ের জয় ঠেকাল পাকিস্তান

252

দক্ষিণ আফ্রিকা সফরের সাফল্যের পর জয় দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করেছে পাকিস্তান। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাবর আজমের দল জিতেছে ১১ রানের ব্যবধানে।

Advertisement

যদিও স্বাগতিক দল বেশ চেপে ধরেছিল পাকিস্তানকে। হারারেতে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ৮ রানে অধিনায়ক বাবরকে হারানো দলটির হয়ে বিপর্যয় ঠেকান রিজওয়ান। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ যেখানে ছিল সাকুল্যে ১৫ (দানিশ আজিজের ব্যাট থেকে), সেখানে রিজওয়ানের ৮২ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস দলীয় সংগ্রহকে নিয়ে যায় ১৪৯ রানে।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ আরও ছোট হয়নি রিজওয়ানের দৃঢ়তার কারণেই। সতীর্থরা যখন ক্রিজে থিতু হতেই পারছিলেন না, রিজওয়ান তখন ৬১ বলের মোকাবেলায় হাঁকান ১০টি চার ও ১টি ছক্কা।

জিম্বাবুয়ের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন লুক জংওয়ে ও ওয়েসলে মাধেভেরে।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানকে ভড়কে দিয়েছিল জিম্বাবুয়ে। তবে দলীয় প্রচেষ্টা সাফল্যের মুখ দেখেনি অল্পের জন্য। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ১৩৮ রান, ৮ উইকেট হারিয়ে।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন ক্রেইগ আরভিন, ২৩ বলের মোকাবেলায়। এছাড়া জংওয়ে অপরাজিত ৩০ এবং তিনাশে কামুনহুকামওয়ে ২৯ রান করেন। পাকিস্তানের পক্ষে উসমান কাদির তিনটি ও মোহাম্মদ হাসনাইন দুটি উইকেট শিকার করেন। পাকিস্তানের মান বাঁচানো ইনিংসের জন্য ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান রিজওয়ান।

সংক্ষিপ্ত স্কোর

টস : জিম্বাবুয়ে

পাকিস্তান : ১৪৯/৭ (২০ ওভার)
রিজওয়ান ৮২, আজিজ ১৫
মাধেভেরে ১১/২, জংওয়ে ২৪/২

জিম্বাবুয়ে : ১৩৮/৭ (২০ ওভার)
আরভিন ৩৪, জংওয়ে ৩০*, কামুনহুকামওয়ে ২৯
উসমান ২৯/৩, হাসনাইন ২৭/২

ফল : পাকিস্তান ১১ রানে জয়ী।

Advertisement