রাহুল-গেইলের ব্যাটে মুম্বাইয়ের বড় পরাজয়

257

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস। ৫ ম্যাচ শেষে দুটি করে জয় দুই দলের, হেরেছে তিনটি করে ম্যাচ।

Advertisement

চেন্নাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রান জড়ো করে মুম্বাই। রোহিত শর্মা অর্ধশতক হাঁকালেও সূর্যকুমার যাদব ছাড়া দলের বাকি সদস্যরা ব্যাট হাতে ছিলেন ম্লান। তাই প্রত্যাশা অনুযায়ী রানের দেখাও পায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

৫২ বলের মোকাবেলায় ৫টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে ৬৩ রান করেন রোহিত। সূর্যকুমার ২৭ বলে করেন ৩৩ রান। ১২ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন কাইরন পোলার্ড। পাঞ্জাবের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ শামি ও রবি বিষ্ণই।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাঞ্জাব ভালো শুরু পায় দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে। ২০ বলে ২৫ রান করে আগারওয়াল বিদায় নেন। তবে এরপর আর দলের বিপদ ঘটতে দেননি অধিনায়ক রাহুল ও ওয়ান ডাউনে নামা ক্রিস গেইল। ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দুজনে দলের জয় নিশ্চিত করেন ৯ উইকেট ও ১৪ বল হাতে রেখেই।

৩টি করে চার-ছক্কা হাঁকিয়ে ৫২ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন রাহুল। ৩৫ বলে ৪৩ রান করে অপরাজিত গেইল অল্পের জন্য পাননি অর্ধশতকের দেখা। তিনি হাঁকিয়েছেন ৫টি চার ও ২টি ছক্কা।

সংক্ষিপ্ত স্কোর

টস : পাঞ্জাব কিংস

মুম্বাই ইন্ডিয়ান্স : ১৩১/৬ (২০ ওভার)
রোহিত ৬৩, সূর্যকুমার ৩৩
শামি ২১/২, বিষ্ণই ২১/২

পাঞ্জাব কিংস : ১৩২/১ (১৭.৪ ওভার)
রাহুল ৬০*, গেইল ৪৩*
চাহার ১৯/১

ফল : পাঞ্জাব কিংস ৯ উইকেটে জয়ী।

Advertisement