সীতাকুণ্ডে বীর প্রতিক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর ইন্তেকাল

314

কামরুল ইসলাম দুলু: সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল গ্রামের নিবাসী বীর প্রতিক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী(৭৪) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার(১০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার সময় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ দূরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Advertisement

বীর প্রতীক রোস্তম আলী ১৯৫২ সালে সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মোখলেছুর রহমান। মোঃ রুস্তম আলীর কর্মজীবন শুরু হয় পাকিস্তানের বিমান বাহিনীতে যোগদানের মধ্য দিয়ে। তিনি ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানে কর্মরত ছিলেন। ঢাকায় ২৫ শে মার্চে গণহত্যা শুরু হলে মোঃ রুস্তম আলী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। ২৬ শে মার্চ মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি একাধিক মুক্তিযোদ্ধা দলের নেতৃত্ব দেন। সীতাকুন্ড, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও নারায়ণগঞ্জ এলাকায় তিনি যুদ্ধ করেন। একজন লড়াকু যোদ্ধা হিসেবে তার খ্যাতি ছিল। মহান মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার মোঃ রুস্তম আলীকে “বীর প্রতীক” খেতাবে ভূষিত করে।

বাদ মাগরিব হযরত পন্থিশাহ কমপ্লেক্স প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Advertisement