স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম বহিষ্কার

খুলশীর সেগুনবাগানে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, আহত ১৮

119

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন গুরুতর সহ আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে টহল বৃদ্ধি করেছে। সংঘর্ষের সময় কাপড় দিয়ে অস্ত্র ঢেকে মহড়া দিতে দেখা গেছে এক যুবককে। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

Advertisement

শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে খুলশীর ঝাউতলা সড়কের সেগুনবাগানে ওয়ার্ড বিএনপি নেতা ফারুক ও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলমের অনুসারীদের মধ্যে এ এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে শুক্রবার রাতেও দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান।

ওসি জানান, ‘খুলশী সেগুনবাগান এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ হচ্ছে শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরাও আসেন। এতে তিন জন আহত হয়েছেন। তাদের চমেকে পাঠানো হয়েছে। আহতদের নাম কাউসার, ওয়াসি এবং আরিফ। কাউকে গ্রেপ্তার করা হয়নি। পরিস্থিতি এখন স্বাভাবিক বলা যায়।’

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, ‘ঘটনাটি শুনেছি, বিস্তারিত পরে জানাব ।’

আহতরা হলেন, আরিফ, কাওসার ও ওয়াসি। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কাওসার ফারুকের ছেলে এবং ওয়াসির তার অনুসারী। এছাড়া আরিফ শাহ আলমের অনুসারী বলে জানা গেছে।

জানা গেছে, বিএনপি নেতা ফারুক ও স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলমের অনুসারীদের মধ্যে শুক্রবার রাতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার রেশ ধরে আজ শনিবার রাতে আবারও দু’গ্রুপ মুখোমুখি হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকায় মাথাচাড়া দিয়ে ওঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রত্যেকে এলাকার নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে ওঠে।

এছাড়া একটি ভিডিও ফুটেজে এক যুবককে কাপড় মুড়িয়ে একটি অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে। ওই যুবকের নাম রাজা বলে জানা গেছে।

খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। আমার অনুসারী আরিফের ওপর হামলা করেছে ফারুকের লোকজন।’

ওয়ার্ড বিএনপি নেতা ফারুক এ বিষয়ে জানতে চাইলে
বলেন, ‘আমার ছেলে কাওসারকে শাহ আলমের অনুসারী মুরগী সাগরসহ অন্যরা এলোপাথাড়ি কুপিয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেলের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলমকে দল থেকে বহিষ্কার করেছে নগর স্বেচ্ছাসেবক দল। 

Advertisement