ইসলাম প্রচারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করুন: চবি উপাচার্য

150

ডিজিটাল যুগে ইসলাম ধর্ম প্রচারে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহবান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। সোমবার (২৭ জানুয়ারি) চবি কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটি আয়োজিত মি’রাজুন্নবী (সা:) মাহফিলে তিনি এ আহবান জানান।

Advertisement

চবি উপাচার্য বলেন, মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। তাঁর আদর্শ অনুকরণ ও অনুসরণের মাধ্যমে আমাদের জীবন পরিচালনা করতে হবে। তিনি আরো বলেন, প্রতিটি মানুষের ধর্ম শুরু হয় জন্মেরও আগে থেকে। কারণ একজন মা যখন গর্ভধারণ করেন, তখন তিনি বেশি বেশি ধর্মচর্চা করেন এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য প্রার্থনা করেন। এজন্যই প্রার্থনা করেন যে, তার সন্তান যেন জন্মের পরে মহান সৃষ্টিকর্তার আদেশ ও নির্দেশ পালন করেন।

উপাচার্য মহান আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস অর্জনের মাধ্যমে রাসূলের (সা:) মি’রাজ ও মি’রাজের আনুষ্ঠানিকতা সকলকে মনেপ্রাণে বিশ্বাস করতে বলেন। তিনি মহান আল্লাহর নির্দেশনা ও নবীজির (সা:) জীবনের গুণাবলী ধারণ, লালন ও চর্চার মাধ্যমে শিক্ষার্থীসহ মুসলিম উম্মাহকে জীবন গঠন করার আহ্বান জানান।

মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, প্রধান আলোচক ছিলেন চবি আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার এবং সম্মানিত অতিথি ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের প্রফেসর ও চবি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ড. মো. ইউনুসের সভাপতিত্বে ও চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চবি শাহজালাল হল মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ নূরুল আজম।

চবি উপ-উপাচার্য তার ভাষণে আজকের এ দিনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে উল্লেখ করে বলেন, বাংলাদেশের মুসলমান অত্যন্ত সৌভাগ্যবান। কারণ পারিবারিকভাবেই তারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। তিনি আরও বলেন, ইসলাম নিরাপত্তার ধর্ম, শান্তির ধর্ম, সম্প্রীতির ধর্ম এবং সৌহার্দ্যের ধর্ম। প্রিয় নবী হযরত মুহাম্মদকে (সা:) নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে মহান আল্লাহ তা’আলা মানুষের কল্যাণের জন্য প্রেরণ করেছেন।

তিনি আরও বলেন, আজকের এ দিনে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ সাত আসমান পরিদর্শনের জন্য নিয়ে গিয়েছিলেন। মহান আল্লাহর সাজানো সব কিছু দেখে তিনি ফিরে এসেছিলেন। এটা অবশ্যই আমাদেরকে অন্তরে বিশ্বাস করতে হবে।

Advertisement