চবি অতীশ দীপংকর শ্রীজ্ঞান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

189

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপংকর শ্রীজ্ঞান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

Advertisement

বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া উৎসব উদ্বোধন করেন।

তিনি বলেন, , এটা অত্যন্ত আনন্দের বিষয় যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপংকর শ্রীজ্ঞান হল দ্বিতীয় বারের মত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করছে। শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, শিক্ষাসহায়ক কার্যক্রম হিসেবে ক্রীড়া ও খেলাধুলা শিক্ষার্থীদের একদিকে যেমন লেখাপড়ায় মনোযোগী করার ক্ষেত্রে ভূমিকা রাখে, অন্যদিকে তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট করে। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার ক্ষেত্র নিরবচ্ছিন্ন রাখতে শিক্ষার্থীদেরকে নিয়মিত খেলাধুলা ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে আহবান জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীরা নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনকে যেমন মুখরিত করে, তেমনি তারা অনবদ্য ক্রীড়া নৈপূণ্যের মাধ্যমে আন্তর্জাতিকভাবেও এ বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আানতে ভূমিকা রাখবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন। এ ক্রীড়া প্রতিযোগিতায় হলের শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চ নৈপূণ্য প্রদর্শন করে ক্রীড়ামোদী দর্শকদের আনন্দ দেবে, এটাই সকলের প্রত্যাশা। উপাচার্য অতীশ দীপংকর শ্রীজ্ঞান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমিন, চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো.ইকবাল শাহীন, চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরীয়া ও চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলাউদ্দিন মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি অতীশ দীপংকর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট জনাব এ. জি. এম. নিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আনিসুল আলম উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চবি উপাচার্য জাতীয় পতাকা, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি ও আমন্ত্রিত অতিথিদ্বয় বিশ্ববিদ্যালয়ের পতাকা, অতীশ দীপংকর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ সাথুইমং মারমা। বিচারকদের পক্ষে প্রধান বিচারক চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি ও ক্রীড়াবিদদের পক্ষে হলের কৃতী ক্রীড়াবিদ জারিফ মাহমুদকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান। অতীশ দীপংকর শ্রীজ্ঞান হলের আবাসিক শিক্ষক ও দলের টীম ম্যানেজার ড. মো. নূরে আলমের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। প্রতিযোগিতায় দলনেতার দায়িত্বপালন করেন রুমনজয় তঞ্চগ্যা এবং হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ মো. ইলিয়ছ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিপন ও তাওহিদা মাহমুদ আরিয়ান।

Advertisement