চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-২০১৯ সেশনের মেধাবী শিক্ষার্থী রেহেনা আক্তার তানিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম ও সেক্রেটারি মোহাম্মদ আলী বলেন, আজ ২৫শে ফেব্রুয়ারি’২৫ (মঙ্গলবার) ফটিকছড়ি- নাজিরহাটের আজম রোড়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ সেশনের সমাজতত্ত্ব বিভাগের মেধাবী শিক্ষার্থী রেহেনা আক্তার তানিয়া ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা নিহত শিক্ষার্থী রেহেনা আক্তার তানিয়ার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তায়া’লা মরহুমাকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আল্লাহুম্মা আমিন।
নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনা আমাদের সমাজের জন্য এক অব্যাহত ট্র্যাজেডি। প্রতিদিন অসংখ্য জীবন অকালে ঝরে যাচ্ছে, বহু পরিবার শোকে স্তব্ধ হচ্ছে। রেহেনা আক্তার তানিয়া-র মর্মান্তিক ইন্তেকাল আমাদের মনে করিয়ে দেয় যে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা কতটা জরুরি। তানিয়ার মতো একজন মেধাবী শিক্ষার্থীর এই অকাল প্রয়াণ শুধু তাঁর পরিবার বা বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর স্বপ্ন, সম্ভাবনা, এবং ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুই একটি দুর্ঘটনার ফলে থেমে গেল। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে।

















