চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের উদ্যোগে চবি কলা ও মানববিদ্যা অনুষদের ২ নম্বর গ্যালারিতে রবিবার (২৬ মে) দুপুর ২টায় অনুষ্ঠিত হয়েছে নজরুলের ১২৬তম জন্মজয়ন্তী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চবি বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শেখ সাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি দর্শন বিভাগের প্রফেসর ড. মাছুম আহমেদ।
চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, জুলাই বিপ্লবের পর বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল ও মননশীল সংগঠনগুলোর কার্যক্রমকে উৎসাহিত করছে। নজরুল বাঙালি চেতনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত উল্লেখ করে তিনি বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সর্বশেষ জুলাই আন্দোলন পর্যন্ত এর প্রতিফলন দেখা গেছে। নজরুলের লেখা বিশ্ব সাহিত্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি সবাইকে নজরুলের সাহিত্যকর্ম যথাযথ মান বজায় রেখে অনুবাদের আহ্বান জানান।
অনুষ্ঠানের মুখ্য আলোচক ড. মোহাম্মদ শেখ সাদী তার বক্তব্যে নজরুলের সাহিত্যভাণ্ডারের বিশালতা উল্লেখ করে বলেন, নজরুল যুগের সৃষ্টি নয় বরং তিনি নতুন যুগ সৃষ্টি করেছেন। তাঁর কবিতা সব প্রকার অনিয়ম, অকল্যাণ ও অসত্যের প্রতিবাদ। নজরুলের অমর কবিতা ‘বিদ্রোহী’র পঙক্তি উল্লেখ করে তিনি বলেন, তাঁর কবিতা ব্যক্তিমুক্তির চূড়ান্ত বার্তা বহন করে।
এতে আবৃত্তি মঞ্চের সভাপতি তাসলিম হাসান বলেন, এ আয়োজন শুধু একটি দিনকে ঘিরে নয়, বরং নজরুলের আদর্শকে হৃদয়ে ধারণ করে প্রতিদিনের জীবনে তাঁর চেতনা বাস্তবায়নের এক প্রচেষ্টা। আমরা যেন তাঁর কবিতার মতোই বলিষ্ঠ, মানবিক ও মুক্তচিন্তার মানুষ হতে পারি—এ হোক আজকের অঙ্গীকার।
পরবর্তীতে আবৃত্তি মঞ্চের সদস্যদের অংশগ্রহণে নজরুলের গান, আবৃত্তি ও নাচ পরিবেশিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমন্ত্রিত সংগঠন অঙ্গন চবি, বন্ধুসভা, রঁদেভূ শিল্পীগোষ্ঠী, চবি।
অনুষ্ঠান পরিচালনা করেন আবৃত্তি মঞ্চের সহ-সাংগঠনিক সম্পাদক জোনায়েদ বিন জামাল, দপ্তর সম্পাদক ঐতিহ্য দেওয়ান এবং সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















