চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী কে. এম. সাদমান রহমান সাবাব ও আসিফ আহমেদের মাগফিরাত কামনায় আজ (৯ জুলাই ২০২৫) বাদ যোহর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন অংশগ্রহণ করেন।
জানাযার পূর্বে উপ-উপাচার্য (একাডেমিক) চবি প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত ও নিখোঁজদের জন্য শোক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, বরং পুরো জাতির সম্পদ। তাই খুব সতর্কতার সাথে জীবন পরিচালনা করে নিজেদেরকে সুন্দর করে গড়ে তুলতে হবে।
ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি মোহাম্মদ সোহাইব নিহতদের জন্য সকলের কাছে দোয়া চান এবং তাদেরকে ক্ষমা করে দেয়ার জন্য অনুরোধ জানান।
এছাড়াও চবি শহীদ ফরহাদ হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আবদুল মান্নান, উক্ত হলের আবাসিক শিক্ষকবৃন্দ, অতিস দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নিদের্শনা পরিচালক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লি জানাযায় অংশগ্রহণ করেন।
গায়েবানা জানাযায় ইমামতি করেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি এবং চবি তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. মো. শহীদুল হক। জানাযা শেষে দুইজন শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা এবং নিখোঁজ একজন শিক্ষার্থী দ্রুত আমাদের মাঝে ফিরে আসার জন্য দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।
উল্লেখ্য, নিখোঁজ আরও একজন শিক্ষার্থী উদ্ধারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলমান রয়েছে।

















