বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার (২৫ অক্টোবর ২০২৫) দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে “আমলাতন্ত্রের পেশাদারিত্ব: চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, সেমিনারে মূখ্য বিশ্লেষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, রাজনীতিবিদরা যেভাবে নীতি ও দিকনির্দেশনা প্রদান করেন, প্রশাসনের কর্মকর্তারা সেই নির্দেশনার আলোকে কাজ করেন। প্রশাসন বা সিভিল সার্ভিসই হলো রাষ্ট্রযন্ত্রের প্রাণশক্তি। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করি, প্রকৃত পেশাদারিত্ব অর্জন করি, তবে দেশ পরিচালনা আরও কার্যকর, জবাবদিহিমূলক ও জনগণমুখী হবে। আমলাতন্ত্র, রাজনীতি ও নাগরিক সমাজ সবাই মিলে একটি ন্যায্য, সুশাসিত ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আমলাদের সহযোগিতা ছাড়া সুন্দর, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তনের স্রোত বইতে শুরু করেছে, তা দেখে আমি সত্যিই আনন্দিত। এখন দেশের প্রতিটি মানুষ, বিশেষ করে প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট সবাই, নতুন করে দেশের জন্য কিছু করার অনুপ্রেরণা অনুভব করছেন—এটি একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা।
চবি উপাচার্য বলেন, এ সেমিনারটি অত্যন্ত সময়োপযোগী। ভালো নির্বাচন করার আমলাতন্ত্রের পেশাদারিত্ব সবচেয়ে বেশি প্রয়োজন। এ চেতনা থেকে আমলারা এ আয়োজন করেছেন—এটা সত্যিই আশাবাদী খবর। পেশাদারিত্ব বৃদ্ধির জন্য মেধাভিত্তিক নিয়োগ, সঠিক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, পারফরম্যান্স ব্যবস্থাপনা, নৈতিক মূল্যবোধ চর্চা ও জবাবদিহিতামূলক প্রশাসনিক সংস্কৃতি গড়ে তোলা অত্যন্ত জরুরি। চবি উপাচার্য বলেন, প্রশাসনে কিংবা যেকোনো ক্ষেত্রে ভালো জনবল চাইলে আগে শিক্ষা সংস্কার করতে হবে। কারণ সবার ভিত্তি গড়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ে। সেই শিক্ষাই যদি সংস্কার না হয়, গুণগত পরিবর্তন না হয় তাহলে সে জাতি ভালো জনবল পাবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন- চট্টগ্রাম বিভাগের সভাপতি ড. মো. জিয়াউদ্দীন। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব ড. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন ঢাকা বিভাগের কমিশনার ও সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন- চট্টগ্রাম জেলার সভাপতি সাইফুল ইসলাম।

















