চাকসুর ৭ম ক্যাবিনেটের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

264

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ৭ম ক্যাবিনেটের প্রথম কার্যনির্বাহী সভা আজ সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকাল চারটায় চাকসুর সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সভাপতিত্বে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং চাকসুর নবনিযুক্ত কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।

Advertisement

সভাপতির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার চাকসুর নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানান। চবি উপাচার্য বলেন, আজকে একটি ঐতিহাসিক দিন। প্রায় ৩৬ বছর পর চাকসু নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে তোমরা বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৮ হাজার শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছো। চাকসুর প্রতিনিধি হিসেবে সকল শিক্ষার্থীর কল্যাণের কথা মাথায় রেখেই তোমাদের কাজ করতে হবে। আশা করি, চাকসুর প্রতিনিধিদের মতামত, পরামর্শে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তন ঘটবে এবং বিশ্ববিদ্যালয় সবদিক থেকে এগিয়ে যাবে।

বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছি। বিশেষ করে দীর্ঘদিন হলে বরাদ্দ ছিল না, মেধার ভিত্তিতে হলে বরাদ্দ দেওয়া হয়েছে। এরপর নতুন দুইটি হল দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। ধীরে ধীরে শিক্ষার্থীদের সকল বিষয় সমাধান করার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এখন চাকসু প্রতিনিধিরা রয়েছে, আশা করি তারা আমাদের সকল ক্ষেত্রে সহযোগিতা করবে।

উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন নবনির্বাচিত প্রতিনিধিবৃন্দকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানান। বক্তব্যে তিনি বলেন, আজকে যে দাবিগুলো আসছে এগুলো নিয়ে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে ধাপে ধাপে সমাধান করার চেষ্টা করেছি। আজকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে, এরমধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয়গুলি সমাধানে কমিটি গঠন করা হবে। কমিটিগুলোতে চাকসুর প্রতিনিধিরা থাকবে, সমস্যা সমাধানে চাকসুর প্রতিনিধিরা সহযোগিতা করবে। আশা করি, সকলের ঐকান্তিক সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।

প্রথম কার্যনির্বাহী সভার শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর চাকসু জিএস সাঈদ বিন হাবিব এর সঞ্চালনায় ভিপি ইব্রাহীম হোসেন রনি, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ আলোচ্য বিষয়সমূহ উপস্থাপন করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা এবং দাবিদাওয়া নিয়ে মতামত, পরামর্শ ও প্রস্তাবনা তুলে ধরা হয়। আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে আবাসন সমস্যা, যাতায়াত, খাবারের মান বৃদ্ধি, কেন্দ্রীয় গ্রন্থাগারকে যুগোপযোগী করা, টিএসসি ও সেন্ট্রাল অডিটোরিয়াম স্থাপন, নিরাপদ ক্যাম্পাস, এম্বুলেন্স বৃদ্ধি, জুলাই কর্নারকে সমৃদ্ধ করা, সেশনজট শূন্যে আনা, ভর্তি পরীক্ষায় জিপিএ কমানো ও কোটা বিষয়ে আলোচনা, চাকসু ভবনের ব্যবস্থাপনা ও মেরামত এবং প্রোগ্রামাদির জন্য একটি কক্ষ বরাদ্দ বিষয়ে আলোচনা, চাকসুর বাজেট, চবি অফিসিয়াল পেজের বিষয়ে আলোচনা, লেনদেনে অটোমেশন, ক্যাম্পাসে ইন্টারনেট সেবা, একাডেমিক ই-মেইল প্রদান, অনলাইনে রেজাল্ট প্রদান এবং ওয়েবসাইট আপডেট করাসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি প্রায় তিন যুগ পর চাকসু নির্বাচন আয়োজন করায় চবির বর্তমান প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে চাকসুর প্রতিনিধিরা সব সময় সহযোগিতা করবে। এসময় তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সভায় চাকসুর প্রতিনিধিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব প্রীতি, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম (হারেস মাতাব্বর), সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন (জিহাদ আহনাফ), দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার (দ্বীপা), বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাহসিনা রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মো. মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক  ওবাইদুল সালমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. ফজলে রাব্বি তৌহিদ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য হলেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, আদনান শরীফ, সালমান ফারসী ও মো. সোহানুর রহমান।

Advertisement