চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. শাহরিয়ার তালুকদার আজ শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) ভোরে চট্টগ্রাম ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকাল ১১.১৫ ঘটিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জুম্মা চট্টগ্রাম শহরের খুলশীতে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানেই দাফন করা হবে।
প্রথিতযশা এ শিক্ষকের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।
উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোক বার্তায় এ শিক্ষকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। এ শিক্ষকের মৃত্যুশোক যাতে শোকাহত পরিবার-পরিজন ধৈর্য সহকারে কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য তাঁরা মহান আল্লাহর নিকট দোয়া করেছেন।
শোক বার্তায় আরও বলা হয়, প্রফেসর ড. শাহরিয়ার তালুকদার ছিলেন চারুকলা ইনস্টিটিউটের অন্যতম গুণী একজন শিক্ষক। তিনি দীর্ঘ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলায় অধ্যাপনা করেছেন এবং কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন। কর্মজীবনে তিনি ছিলেন সহজ-সরল ও নির্মোহ। মেধাবী এ শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে যে অবদান রেখে গেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
উল্লেখ্য, বরেণ্য এ শিক্ষাবিদ এক ছেলে, স্ত্রী, অসংখ্য গুণী শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

















