চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয় ২৪ হল সংসদের উদ্যোগে এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর সহায়তায় হল প্রাঙ্গণে একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।
“পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রপ্রতিনিধিবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরিচ্ছন্নতাকে কেবল দায়িত্ব হিসেবে নয়, বরং সচেতনতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে বিজয় ২৪ হল সংসদের সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক তাহিয়া রহমান নুহা’র সঞ্চালনায় এই কর্মসূচি পরিচালিত হয়।
উক্ত পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষক জনাব মো. নূর নবী। এছাড়াও কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাহসিনা রহমান, ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা এবং সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রীতা।
বিজয় ২৪ হল সংসদের ভিপি সানু আক্তার নদী এবং হল সংসদের অন্যান্য প্রতিনিধিবৃন্দও এই কার্যক্রমে সরাসরি অংশ নেন।
অভিযান শেষে বক্তারা বলেন, শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যসম্মত ও সুন্দর ক্যাম্পাস নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে। তারা সাধারণ শিক্ষার্থীদের নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। পরিচ্ছন্ন ও নান্দনিক ক্যাম্পাস গড়ার এই প্রয়াস বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

















