মহিউদ্দিন টিপু, চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। আজ ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের বিপুল সংখ্যক প্রতিবন্ধী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসময় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “প্রতিবন্ধী শিক্ষার্থীরা আমাদের সমাজ ও রাষ্ট্রের সম্পদ। তারা হাজারো শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করে নিজেদের মেধার স্বাক্ষর রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। আজকের এই ইফতার মাহফিল কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; বরং ছাত্রদল যে সবসময় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সকল প্রয়োজনে পাশে আছে এবং থাকবে, সেই বার্তাই আমরা দিতে চেয়েছি।”
ইফতারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ছাত্রদলের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

















