নিজস্ব প্রতিবেদক, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে আবারও দেখা মিলেছে বিশালাকৃতির বিষধর কিং কোবরা বা রাজগোখরার।
আজ বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদ ভবন থেকে এই সাপটি উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার রাতেও ক্যাম্পাসের অন্য একটি অংশ থেকে আরও একটি কিং কোবরা উদ্ধার করা হয়েছিল। একের পর এক বিষধর সাপ উদ্ধারের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, কিং কোবরার বিষ মূলত স্নায়ুতন্ত্রকে (Neurotoxic) সরাসরি আক্রমণ করে। এটি এতটাই শক্তিশালী যে, এক কামড়ে এই সাপ যে পরিমাণ বিষ প্রয়োগ করে, তা দিয়ে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে একটি পূর্ণবয়স্ক হাতি কিংবা অন্তত ২০ জন মানুষকে মেরে ফেলা সম্ভব।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, ক্যাম্পাস সংলগ্ন পাহাড়ি অঞ্চল হওয়ায় মাঝে মাঝেই বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। তবে পর পর দু’টি রাজগোখরা উদ্ধারের ঘটনায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উদ্ধারকৃত সাপটিকে নিরাপদ স্থানে বা গভীর জঙ্গলে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে।
















