চট্টগ্রামে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের নির্দেশ ডিসির

40

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, পরীক্ষা কেন্দ্র ও হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে অন্য স্থান থেকে সমন্বয় করে হলেও এসব গুরুত্বপূর্ণ স্থানে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে বলা হয়েছে।

Advertisement

সুষ্ঠু পরীক্ষা পরিবেশ নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেট, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলার এই শীর্ষ কর্মকর্তা।

আজ মঙ্গলবার ( ২১ এপ্রিল) নগরের খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক জানান, এ বিষয়ে আগে অনুষ্ঠিত সমন্বয় সভায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে, যাতে কোনো ধরনের অনিয়ম বা নকলের সুযোগ না থাকে। সুষ্ঠু পরীক্ষা পরিবেশ নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেট, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, সারা জেলায় ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। নির্ধারিত সেট কোড অনুযায়ী ট্রেজারি থেকে প্রশ্নপত্র যথাসময়ে কেন্দ্রে পৌঁছেছে। পরিদর্শনে দেখা গেছে, পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। অনেক পরীক্ষার্থী প্রশ্নপত্রকে সহনীয় বলে জানিয়েছে।

চট্টগ্রাম জেলায় এবার এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় মোট ১ লাখ ৫২ হাজার ৯৬৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ১৭৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

জেলা প্রশাসক বলেন, ‘জীবনের প্রতিটি মুহূর্তই একেকটি পরীক্ষা। তবে ছাত্রজীবনের গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি হলো এসএসসি পরীক্ষা। এটি ভবিষ্যৎ গঠনের প্রথম বড় পদক্ষেপ।’

পরে জেলা প্রশাসক দারুল উলুম কামিল মাদ্রাসা ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement