বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও পরিবেশবাদী সংগঠন ১ টাকায় বৃক্ষরোপণ এর যৌথ আয়োজনে প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি গত বৃহস্পতিবার (১১জুন ২০২৬) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আল্-ফোরকান উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, চবি ক্যাম্পাসে প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। ১০টি প্লাস্টিকের বিনিময়ে একটি গাছ বিতরণ এর মাধ্যমে শিক্ষার্থীরা প্লাস্টিকের প্রতি নিরুৎসাহিত হয়ে বৃক্ষের প্রতি উৎসাহিত হবে। আমি এমন উদ্যোগের ক্ষেত্রে শিক্ষার্থীদের দায়িত্বশীল ও সহযোগিতামূলক ভূমিকা পালন করার আহ্বান জানাই। এসময় উপাচার্য চাকসুর প্রতিনিধি এবং পরিবেশবাদী সংগঠন ১টাকায় বৃক্ষরোপণের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য ও হালদা নদী গবেষক প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, চাকসুর গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আনজুম শোভন, সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতা, নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান ও পরিবেশবাদী সংগঠন ১ টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিন।
চাকসুর প্রতিনিধিরা জানান, বিশ্ব পরিবেশ দিবসেই শুধু নয় পরিবেশের পরিচর্যা করতে হবে সবসময়। মানুষকে এই বিষয়ে সচেতন করতে আমাদের এমন আরও আয়োজন হওয়া উচিত।
















