চট্টলা নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ শিরোনামে পোস্ট দেওয়ার ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. রফিকুল আলম। তিনি প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে জারি করা এক অফিস আদেশে তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ।
অফিস আদেশে বলা হয়েছে, রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয় প্রচারের মাধ্যমে বিমানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধিমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী রফিকুল আলম খোরপোশ ভাতা পাবেন। একই সঙ্গে তাঁকে বিমানের প্রধান কার্যালয় বলাকায় নিয়মিত হাজিরা দিতে হবে।
ফেসবুকে দেওয়া পোস্টের স্ক্রিনশটে একটি ভিডিওতে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা দেখা যায়। ওই পোস্টের মন্তব্যে রফিকুল আলম ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখেন।
তবে নিজের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার বিষয়ে রফিকুল আলম দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। আওয়ামী লীগের পক্ষে কোনো পোস্ট দেননি বলেও দাবি করেন তিনি।
এদিকে, বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রফিকুল আলমের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করতে পারেননি বলে গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

















