মাদক, কিশোর গ্যাং ও গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ২৫ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ শোভাযাত্রা

চট্টগ্রামকে মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের অভয়ারণ্য হতে দেওয়া হবে না: নাজিমুর রহমান

3

মাদক, কিশোর গ্যাং এবং গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর ২৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

২৫ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আফসারুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলমগীর আলমের সঞ্চালনায় নগরীর নয়াবাজার বিশ্বরোড মোড়ে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি বিক্ষোভ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়পুল মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, চট্টগ্রামকে কোনোভাবেই মাদক কারবারি, কিশোর গ্যাং কিংবা অপরাধী চক্রের অভয়ারণ্যে পরিণত হতে দেওয়া হবে না। যারা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাইসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আপসহীন। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করছি। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সমাজের প্রতিটি স্তরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, মাদকের বিস্তার সমাজে অপরাধপ্রবণতা বাড়িয়ে দিচ্ছে। এর সঙ্গে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা যুক্ত হয়ে জননিরাপত্তার জন্য বড় হুমকি সৃষ্টি করেছে। মাদকের ছোবলে বিবেক ও মূল্যবোধ ধ্বংস হওয়ায় খুন, ধর্ষণ, ছিনতাই ও সহিংসতার মতো অপরাধ বেড়েই চলেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, পারিবারিক অনুশাসনের অভাব ও নৈতিক শিক্ষার সংকটকে কাজে লাগিয়ে নিষিদ্ধ সংগঠন একশ্রেণির তরুণদের বিপথে পরিচালিত করার অপচেষ্টা চালাচ্ছে। যারা রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায় এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় অতীতের মতো আজও রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপটি, মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শহীদ মোহাম্মদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী, মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সদস্য ছাবের আহমদ, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি এম এ গফুর বাবুল, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী শফিউল্লাহ, সদস্য সচিব সেলিম বাঙালি, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খুরশিদ আলম, সদস্য সচিব মো. ফারুক, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুল হক, সদস্য সচিব ফখরুল হাসান রাজু, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর আলম মঞ্জু, সদস্য সচিব মিজানুর রহমান মোস্তফা, আব্দুর রহিম, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ লোকমান, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ইদ্রিস মিয়া, জহুর আহমেদ, নুরুল আজিম, আব্দুর রহমান, আলাউদ্দিনসহ হালিশহর থানা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে আয়োজকরা বলেন, দেশের তরুণ সমাজই জাতির সবচেয়ে বড় শক্তি। সেই শক্তিকে মাদকের অন্ধকার, কিশোর গ্যাংয়ের অপরাধচক্র ও অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার বিকল্প নেই।

একটি নিরাপদ, মানবিক ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, মাদকমুক্ত নগরী গড়ে তোলা, কিশোর গ্যাং নির্মূল এবং গণতন্ত্রবিরোধী সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার এ আন্দোলন ভবিষ্যতেও আরও বেগবান ও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে।

Advertisement