পতিত ফ্যাসিবাদী অপশক্তি দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়: নাজিমুর রহমান

27

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে পতিত ফ্যাসিবাদী অপশক্তির সন্ত্রাস, ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ মিছিল সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ বুধবার (১০ জুন) নগরীর নসিমন ভবনস্থ দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান

Advertisement

সভাপতির বক্তব্যে নাজিমুর রহমান বলেন, পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী দীর্ঘদিন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস, গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল এবং জনগণের অধিকার হরণ করে দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছে। ক্ষমতা হারানোর পরও তারা নানামুখী ষড়যন্ত্র, গুজব, উসকানি ও অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত বিশৃঙ্খলা, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে তাদের অপতৎপরতা জনগণের কাছে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছি। রাষ্ট্র সংস্কার, সুশাসন এবং জনগণের অধিকার নিশ্চিত করার সংগ্রামে দেশের তরুণ সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদী শক্তি যদি পুনরায় কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করে, তবে দেশের সচেতন জনগণই তাদের কঠোরভাবে প্রতিরোধ করবে। গণতন্ত্র ও জনগণের স্বার্থবিরোধী এই অপশক্তিকে রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে পরাজিত ও বিচ্ছিন্ন করতে হবে।

সভায় বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, এডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, সফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শওকত আজম খাজা, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু এবং মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, ইস্কান্দার মির্জা, মুজিবুল হক, মো. মহসিন, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, মশিউর আলম স্বপন, মোশাররফ হোসেন ডিপ্টী, মো. জাফর আহমেদ, গাজী আইয়ুব, এম এ সবুর, আবু মুসা, ইসমাইল বালি, আশরাফুল ইসলাম ও মোহাম্মদ ইউসুফ।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, তাঁতীদলের আহ্বায়ক সেলিম হাফেজসহ মহানগরের ৪৮টি ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব এবং বিভিন্ন থানার সাবেক নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ পতিত ফ্যাসিবাদী অপশক্তির সকল ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং আগামী প্রতিবাদ মিছিল সর্বাত্মকভাবে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Advertisement