নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট-এর আসন্ন শ্রমিক প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেছেন বিশিষ্ট শ্রমিক নেতা মাকসুদুর রহমান বাবু।
বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি অনুসারী ও সাধারণ রেলওয়ে কর্মচারীদের সাথে নিয়ে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নির্বাচনী এলাকাঃ ডিইই, ডিজেল সপ, নিউ স্টোর ডিপো।
মনোনয়নপত্র গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মাকসুদুর রহমান বাবু বলেন: ”রেলওয়ের সাধারণ কর্মচারীদের কল্যাণ ও তাদের অধিকার আদায়ের লড়াইয়ে আমি সব সময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। কর্মচারীদের কল্যাণ ট্রাস্টকে আরও বেশি সেবাধর্মী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। সাধারণ শ্রমিক-কর্মচারীরা যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে সেবা করার সুযোগ দেন, তবে আমি তাদের ট্রাস্টের সকল সুযোগ-সুবিধা প্রাপ্তি সহজতর করতে সর্বোচ্চ চেষ্টা করব।”
মনোনয়নপত্র গ্রহণের সময় উপস্থিত রেলওয়ে শ্রমিক ও কর্মচারীরা মাকসুদুর রহমান বাবুর পক্ষে স্লোগান দেন এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত সাধারণ কর্মচারীরা আশা প্রকাশ করেন, মাকসুদুর রহমান বাবু নির্বাচিত হলে রেলওয়ে কর্মচারীদের কল্যাণে ট্রাস্ট আরও কার্যকর ভূমিকা পালন করবে।
শনিবার (১১ জুলাই) ডিআরএম মসজিদে জোহর এর নামাজ আদায় করে দোয়া পরবর্তী নির্বাচনী প্রচারণা শুরু করবেন বাবু।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট রেল কর্মচারীদের চিকিৎসা, শিক্ষা, অবসরকালীন ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আসন্ন এই নির্বাচনে শ্রমিক প্রতিনিধি পদে যোগ্য নেতৃত্ব বেছে নিতে মুখিয়ে আছেন সাধারণ ভোটাররা।

















